বন্যার্তদের কষ্ট ছুঁয়ে যাচ্ছে তাঁকে
একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে মাঠের দুরবস্থা। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে তাই অস্ট্রেলিয়া খেলতে পারছে না দুই দিনের প্রস্তুতি ম্যাচটি। সেটা নিয়ে একটা আক্ষেপ তো আছেই অস্ট্রেলিয়ানদের। তবে অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যানের কাছে সেই আক্ষেপের চেয়েও বড় বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বাংলাদেশের মানুষের কষ্ট। টানা বৃষ্টিতে বিপর্যস্ত এ দেশের মানুষের জন্য তাই সহমর্মিতা তাঁর কণ্ঠে।
ফতুল্লার মাঠ খেলার উপযোগী না থাকায় আগেই প্রস্তুতি ম্যাচটি বাতিল করার আভাস দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে শেষ চেষ্টা হিসেবে গতকাল অস্ট্রেলিয়া দলকে ফতুল্লা ঘুরিয়ে এনেছে বিসিবি। কিন্তু মাঠের দুরবস্থা দেখে নিজেদের সিদ্ধান্তে অনড় সফরকারী দল। এতে অবশ্য লেম্যান বিসিবির দায় দেখছেন না, ‘টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভালো হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য। ঢাকার আশপাশের বিভিন্ন মাঠও দেখেছি। বিসিবি সব চেষ্টাই করেছে। কিন্তু টানা বৃষ্টি ঝামেলা করল।’
মূলত এই বৃষ্টির কারণে বন্যায় ভাসছে দেশের বড় একটা অংশ। মানুষের অশেষ ভোগান্তির কথাও অজানা নয় লেম্যানের কাছে। বন্যার্ত সেসব মানুষের কষ্ট ছুঁয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার কোচকে, ‘বাংলাদেশের মানুষ যে টানা বৃষ্টিতে কষ্ট পাচ্ছে, আমরা সেটা বুঝতে পারছি। এ দেশে অনেক মানুষ দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে। ওদের জন্য আমাদের সহমর্মিতা।’