
বয়স হয়ে গেছে এই অজুহাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে ইউনিস খানকে বাদ দিয়েছিল পাকিস্তান। এরপর টেস্টে রানের বন্যা বইয়ে দিয়ে ইউনিস আবারও জায়গা করে নিয়েছেন ওয়ানডে দলে। সেই ইউনিসই পরশু আবুধাবিতে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ওই বয়সের কারণেই। ২০০৮ সালের পর প্রথম ওয়ানডে সেঞ্চুরি করার দিনে ইউনিসের বয়স ছিল ৩৭ বছর ১৮ দিন। এর আগে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন জহির আব্বাস। ১৯৮৩ বিশ্বকাপে ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করার দিন আব্বাসের বয়স ছিল ৩৫ বছর ৩৩১ দিন। ওয়ানডেতে ইউনিসের চেয়ে বেশি বয়সে সেঞ্চুরি আছে ১৫ জনের। গত ৩০ নভেম্বর দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের খুররম খান ৪৩ বছর ১৬২ দিন বয়সে সেঞ্চুরি করে ভেঙে দেন সনাৎ জয়াসুরিয়ার সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড (৩৯ বছর ২১২ দিন)।