বরফ ক্রিকেটে আফ্রিদির শূন্য, শেবাগের ঝড়

মরুর বুকে খেলা হোক কিংবা বরফ রাজ্যে। শহীদ আফ্রিদি মানেই যেন হয় ছক্কা নয় অক্কা। অক্কা মানে শূন্যের সম্ভাবনাই বেশি। তা আজও এর ব্যতিক্রম হলো না। সুইজারল্যান্ডে আইস ক্রিকেটে আরেকটি শূন্য উপহার দিলেন আফ্রিদি। তবে তাঁর দল ঠিকই জিতেছে। সেইন্ট মরিত্জ আইস ক্রিকেটের প্রথম ম্যাচে শেবাগের প্যালেস ডায়মন্ডসকে ৬ উইকেটে হারিয়েছে আফ্রিদির রয়্যালস। ম্যাচের ২৮ বল হাতে রেখেই।
বরফ রাজ্যে ক্রিকেট ম্যাচ। একদিকে শেবাগ ও তাঁর দলবল, অন্যদিকে শহীদ আফ্রিদির দল। সুইজারল্যান্ডের সেইন্ট মরিত্জ দুর্দান্ত কিছু দৃশ্যই উপহার দিল ক্রিকেটকে। শেবাগের ব্যাটিং, শোয়েবের বোলিং কিংবা আফ্রিদির শূন্য রানে আউট হওয়া—ছিল সবই। ওয়াইজ শাহর তাণ্ডবে অবশ্য ম্যাচে টান টান উত্তেজনা ছড়াতে পারল না।
ম্যাচটা যে অন্য রকম হবে, সেটা জানা ছিল। তবু টিভি পর্দার দৃশ্যটা দেখে বিস্মিত হওয়া আটকানো গেল না। চিরচেনা সবুজ মাঠের জায়গায় ধবধবে সাদা মাঠ। মাঠ বলাটা ঠিক হচ্ছে না। ঠান্ডায় জমে যাওয়া এক হ্রদের ওপর যে খেলাটা হচ্ছে! হ্রদকে মাঠ বানিয়ে তাঁর মাঝে সবুজ ম্যাট বানিয়ে উইকেট বানানো হয়েছে। এ তো গেল উইকেট। কিন্তু এ মাঠ-হ্রদে খেলতে যে আরও কিছু বস্তু আনুষঙ্গিক হয়ে পড়েছিল। শূন্যের ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকার মতো পোশাক পরে মাঠে নেমেছেন সবাই। ফলে সবাইকে ক্রিকেটার নয় বরং রাগবি খেলোয়াড় মনে হচ্ছিল।

বরফে চলতে সুবিধা হওয়ার জন্য সাধারণত যে স্পাইকের জুতা ব্যবহার করা হয়, সেটাও ব্যবহার করা হয়নি। তাতেও অবশ্য বল ধরতে গিয়ে পড়ে যাওয়া আটকানো যায়নি। বরফের ওপর প্রতিফলিত আলো থেকে বাঁচার জন্য ব্যাটসম্যান-বোলার সবার চোখেই ছিল রোদচশমা। মাথায় ক্যাপের বদলে ওলের টুপি। চিরচেনা ক্রিকেটের সঙ্গে কোনোভাবেই মেলানো যায় না।
এর মাঝেও পরিচিত কিছু ঠিকই দেখা দিল। আইপিএলে প্রথম যে বল খেলেছিলেন, সেটাতেই চার মেরেছিলেন বীরেন্দর শেবাগ। মাস্টার্স ক্রিকেট লিগেও প্রথম বলেই ছক্কা। আর আজ চার মেরে শুরু হলো বরফ ক্রিকেট, ছক্কা দিয়ে ফিফটি। ৩১ বলে ৪ চার ও ৫ ছক্কায় ৬২ রান করে আউট হয়েছেন শেবাগ। কিন্তু আবদুল রাজ্জাকের বোলিং তোপে (১৮/৪) প্যালেসের স্কোরটা ১৬৪/৯-এই থেমে যায়।
তাড়া করতে নেমে রয়্যালসের শুরুটা ভালো হয়েছিল। গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিসে ১০ ওভারের মধ্যেই ৮০ রান তুলে ফেলে দলটি। এরপর একটু ছন্দপতন। ক্যালিসের বিদায়, আফ্রিদির শূন্যে আউট হওয়া। কিন্তু ওয়াইজ শাহ এসবকে পাত্তা দিলে তো। মালিঙ্গাকে টানা তিন ছক্কা মেরেছেন। সব মিলিয়ে ৭ ছক্কা ও ৫ চারে ৩৪ বলে ৭৪ রান করে দলকে জিতিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান।