
মূল আকর্ষণটা আসলে আগেই শেষ হয়ে গিয়েছিল। ‘এ’ প্লাস ক্যাটাগরির আইকন খেলোয়াড় ও বিদেশি তারকা খেলোয়াড়দের দল ঠিক হয়ে গিয়েছিল আগেই। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে হয়ে যাওয়া বিপিএলের প্লেয়ার্স ড্রাফট নিয়ে তাই খুব বেশি আগ্রহ মনে হয় না কারও ছিল। তারপরও বাকি শ দেড়েক স্থানীয় খেলোয়াড়, ১৬৮ জন বিদেশি খেলোয়াড়ের মধ্যে কোন দল কাকে নেয়, সেটি দেখার অপেক্ষা ছিল।
সাত দলের সাত আইকন খেলোয়াড় তো আগেই ঠিক হয়ে গিয়েছিল। পুরোনো পাঁচটি ফ্র্যাঞ্চাইজিও গতবারের দল থেকে দুজন করে খেলোয়াড় ধরে রেখেছে। এই বছর নতুন যোগ হওয়া দুটি দল খুলনা টাইটানস ও রাজশাহী কিংসকে তাই সবার আগে সুযোগ দেওয়া হলো দুজন করে দেশি খেলোয়াড় নেওয়ার। তাতে খুলনা দল নিল বাঁহাতি স্পিনার মোশারফ হোসেন ও পেসার শফিউল ইসলামকে। রাজশাহী দল নিয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান ও গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে।
এরপর শুরু হলো ড্রাফট। সর্বশেষ বিপিএলে প্লেয়ারস বাই চয়েসে কোনো দলে ডাক না পাওয়া অলক কাপালি পরে জায়গা পেয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানস দলে। ফাইনালে খেলেছিলেন দুর্দান্ত এক ইনিংস। সেই অলককে শুরুতেই দলে নিয়েছে খুলনা টাইটানস। জাতীয় দলে বছর দুয়েক ধরে উপেক্ষিত স্পিনার আবদুর রাজ্জাককেও ডেকে নিয়েছে চিটাগং ভাইকিংস। এ ছাড়া বিশ্ব ক্রিকেটের চেনামুখদের মধ্যে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের নায়ক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্রাফেটকে নিয়েছে বরিশাল বুলস, নিউজিল্যান্ডের গ্রান্ট এলিয়টকে নিয়েছে চিটাগং ভাইকিংস, ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্সকে খুলনা টাইটানস, শ্রীলঙ্কার মিলিন্দা সিরিবর্ধনে ও উপুল থারাঙ্গাকে রাজশাহী কিংস, শ্রীলঙ্কার সেকুগে প্রসন্ন ও দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারনেলকে দলে নিয়েছে ঢাকা ডায়নামাইটস।
প্লেয়ারস ড্রাফট অনুষ্ঠানটা খুব আকর্ষণীয় না হলেও চোখে লেগেছে একটা বিষয়। আজ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নির্ধারণী ম্যাচ। অথচ এর আগে মাশরাফি, সাকিব, তামিমসহ আইকন খেলোয়াড়দের অনেকেই উপস্থিত ছিলেন কাল রাতের কয়েক ঘণ্টাব্যাপী ওই অনুষ্ঠানে।