বরিশালে যুবাদের টেস্টে বৃষ্টি খেলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম দিনে মাঠে নামতে পারেনি। প্রথম আলো ফাইল ছবি
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথম দিনে মাঠে নামতে পারেনি। প্রথম আলো ফাইল ছবি

বরিশালে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে চার দিনের যুব টেস্ট। কিন্তু বৃষ্টি হানা দেওয়ায় আজ প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মাঠে কোনো বল গড়ায়নি। বরিশালে গত দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগীয় শহরে ৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

যুব দলের এ ম্যাচ আজ শুরু হওয়ার কথা ছিল সকাল সাড়ে ৯টায়। কিন্তু টানা দুদিন বৃষ্টি হওয়ায় হোটেল থেকে মাঠে আসার দরকার পড়েনি খেলোয়াড়দের। সকাল থেকেই মাঠ পরিচর্যাকর্মীরা আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের মাঠকে খেলার উপযোগী করতে প্রাণপণ চেষ্টা করেন। কিন্তু বৃষ্টির কারণে মাঠ শুকোয়নি। পানি জমে থাকায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। এর আগে দুই দলের কোচরাও মাঠ পরিদর্শন করেন।

যুবাদের এই চার দিনের ম্যাচ দেখতে বরিশাল স্টেডিয়ামে বৃষ্টি উপেক্ষা করে হাজির হয়েছিলেন অনেক দর্শক। তারা গ্যালারিতে অপেক্ষা করছিলেন; বেলা ১২ টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পর আশাহত হয়ে বাড়ি ফেরেন তারা। বরিশাল বিভাগীয় দলের কোচ ও সাবেক ক্রিকেটার তাসরিকুল ইসলাম জানান, বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টি থাকলে কাল খেলা গড়াবে কি-না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক শওকত জাহান গাজী গতকাল দুপুরে জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে আগামী দুদিনও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।