
জাতীয় লিগের প্রথম স্তরে উঠতে দরকার ছিল মাত্র ৩ পয়েন্ট। কাল শেষ রাউন্ডের দ্বিতীয় দিনের সকালেই নিশ্চিত হলো আগামী মৌসুমে প্রথম স্তরে খেলবে বরিশাল। ইনিংসের ১০২তম ওভারের প্রথম বলে ৩৫০ রান ছুঁয়েই ব্যাটিং থেকে ৩টি বোনাস পয়েন্ট নিশ্চিত করে ফেলে দলটি।
বগুড়ার ম্যাচটিতে দ্বিতীয় দিন শেষে ৩৫৫ রানে এগিয়ে আছে বরিশাল। ১ উইকেটে ৩২৩ রান নিয়ে দিন শুরু করা বরিশাল অলআউট ৪৮৯ রানে। চট্টগ্রামের শুরুটাও ভালো হয়েছে। দ্বিতীয় দিনের শেষে চট্টগ্রামের রান ১ উইকেটে ১৩৪।
প্রথম স্তর নিশ্চিত করার আগেই কাল বরিশাল হারিয়ে ফেলে আগের দিনের দুই সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফিস ও ফজলে রাব্বীকে। দ্বিতীয় উইকেটে ২৮৩ রান যোগ করার পর দিনের পঞ্চম ওভারে ফিরেছেন রাব্বী। চার ওভার পর অধিনায়ককে অনুসরণ করেন শাহরিয়ার। বরিশাল শেষ ৭ উইকেট হারিয়েছে ৮৭ রানে।

খুলনায় সিলেটের বিপক্ষে ৯১ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে রাজশাহী। বরিশালের মতো রাজশাহীর ইনিংসটাও আসলে একটি জুটির গল্প। চতুর্থ উইকেটে ২৩৯ রান যোগ করেছেন ফরহাদ হোসেন ও হামিদুল ইসলাম। তুষার ইমরানের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের শততম ম্যাচে সেঞ্চুরি পেলেন ফরহাদ হোসেন। দলটির উইকেটকিপার ব্যাটসম্যান হামিদুল পেয়েছেন প্রথম সেঞ্চুরি। প্রথম ইনিংসে ২১৯ রানের লিড নিয়েছে রাজশাহী।
কক্সবাজারে দুই ঢাকার ম্যাচে কালও একটি বলও মাঠে গড়াতে পারেনি। চট্টগ্রামে রংপুর-খুলনার ম্যাচ হয়েছে বিকেল ৪টায়। আধঘণ্টায় ৭ ওভার খেলা হওয়ার পরই আলোকস্বল্পতায় শেষ দিনের খেলা।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল-চট্টগ্রাম, বগুড়া
বরিশাল১মইনিংস: ১৪৩.৪ ওভারে ৪৮৯ (শাহরিয়ার ১৬৮, রাব্বী ১৩৩, আল আমিন ৬০, নুরুজ্জামান ৩৪; নাবিল ৪/১০১, বেলাল ৩/১৩২, ডলার ২/১১৪)। চট্টগ্রাম১মইনিংস: ৩০ ওভারে ১৩৪/১ (মুমিনুল ৬৪*, আল মামুন ৩৭, নাফীস ৩০*; কবীর ১/২১)।
সিলেট-রাজশাহী, খুলনা
সিলেট: ১৭৬ ও ৩ ওভারে ১১/০ (শানাজ ৬*, ইমতিয়াজ ৫*)। রাজশাহী১মইনিংস: ১০১.১ ওভারে ৩৯৫ (ফরহাদ হোসেন ১৪৪, হামিদুল ১০৫, সানজামুল ৩৮; নাসুম ৩/৫৫, খালেদ ২/৫২, ইমরান ২/১০১)।
রংপুর-খুলনা, চট্টগ্রাম
রংপুর১মইনিংস: ৭ ওভারে ২৭/১ (কল্যাণাশিস ১৮*; রাজ্জাক ১/৪)।