বরিশালের চট্টগ্রাম-ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল আমিন তাড়া দিলেন, ‘ভাই তাড়াতাড়ি চলেন, ফ্লাইট আছে।’ বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ। কাল রাতেই ঢাকার ফ্লাইট ছিল বলে সংবাদ সম্মেলনে দেরি করতে চাইলেন না বরিশাল বুলসের পেসার। গ্যালারি থেকে কারও ‘বন্ধু, বন্ধু’ চিৎকারেও ফিরে তাকালেন না।

আল আমিনের হাতে সময় এখন কমই। ঢাকায় সিলেট সুপারস্টারসের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৫ উইকেট পেয়েছেন। রংপুর রাইডার্সের বিপক্ষে ৩ উইকেট নিয়ে কাল টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো হলেন ম্যান অব দ্য ম্যাচ। সতীর্থ কেভন কুপারের সঙ্গে ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় আছেন সাকিব আল হাসান ও আবু হায়দারের পরেই। চোখে এখন অনেক স্বপ্ন, বড় কিছুর আকাঙ্ক্ষা। কখন আরেকটা ম্যাচে ঝাঁপিয়ে পড়বেন, সেই তাড়া তো থাকবেই!

১ ওভারে তুলে নিয়েছেন সৌম্য ও সাকিবকে। দুজনই বাজেভাবে আউট, কিন্তু কৃতিত্বটা তো শেষ পর্যন্ত বোলারেরই! রংপুর রাইডার্সের ইনিংসকে শুরুতেই দিশেহারা করে দিলেন বরিশালের পেসার। ম্যাচ শেষে আল আমিন অবশ্য কৃতিত্ব দিয়েছেন উইকেটকে। চট্টগ্রামের আকাশে সূর্য কাল প্রায় সারা দিনই ‘পূর্ণিমার চাঁদ’ হয়ে ছিল, কুয়াশায় ভিজেছে উইকেট। সেটাই নাকি সাহায্য করেছে বোলারদের। ম্যাচ শেষে রংপুর রাইডার্সের কোচ শেন জার্গেনসেনও মেনে নিলেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার ব্যর্থতা, ‘উইকেটটা আমরা ভালোভাবে বুঝতে পারিনি এবং একটু বোধ হয় বেশিই আক্রমণাত্মক হয়ে ব্যাট চালিয়েছি। আমাদের টি-টোয়েন্টির মতো খেলতে হবে। কিন্তু যেভাবে উইকেট হারিয়েছি, এখন মনে হচ্ছে আরও কিছু রান হতে পারত।’

ব্যাটসম্যানদের শট নির্বাচন নিয়ে আক্ষেপ আছে কোচের। সাকিব-সৌম্যের আউট সেটির প্রকৃষ্ট উদাহরণ। আল আমিনের শর্ট বলে সোজা কাভারে ক্যাচ দিয়েছেন সৌম্য। ওই ওভারেরই শেষ বলে ডাউন দ্য উইকেটে গিয়ে এলোমেলো খেলে সাকিব ক্যাচ মিড অনে। ব্যাটিংয়ে রংপুরের মূল ভরসাই এই দুজন। দলের ১০ রানের মধ্যে তাদের ফিরিয়ে যেন দ্বিগুণ উজ্জীবিত হয়ে উঠলেন বরিশাল বোলাররা। আর উইকেটের বন্ধুতা তো ছিলই। হাতে ১ উইকেট রেখেও তাই ১০৪ রানে শেষ রংপুরের ইনিংস।

সহজ লক্ষ্যটা অঙ্কের হিসাবে বরিশালের জন্য কিঞ্চিৎ কঠিন করে তুলেছিল বৃষ্টি। ইনিংসের ৩.৩ ওভারের সময় যখন বৃষ্টি নামে, ৯৯ বলে জেতার জন্য দরকার ছিল ৮৬ রান। ৫৯ মিনিট বন্ধ থাকার পর খেলা আবার শুরু হলে নতুন লক্ষ্য দাঁড়ায় ৫৭ বলে ৫৬। ৪২ রানে ৩ উইকেট পড়ে গেলেও অধিনায়ক মাহমুদউল্লাহর ১৮ বলে ২৩ রানের তিন বল বাকি থাকতেই জিতিয়ে দেয় বরিশালকে।

চট্টগ্রামে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় নিয়ে ফিরেছে বরিশাল বুলস। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। আল আমিনদের ঢাকায় ফেরার বিমানটা বোধ হয় উৎসবের হাওয়ায় ভেসেই উড়েছে।

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১০৪/৯ (জহুরুল ২৪, মিসবাহ ২২, আল আমিন ১৭, রিয়াজ ১২; আল আমিন ৩/৩০, সামি ২/১৬, এমরিত ২/১৮, প্রসন্ন ১/১৭, তাইজুল ১/২১)। বরিশাল বুলস (লক্ষ্য ১৩ ওভারে ৭৫): ১২.৩ ওভারে ৭৫/৪ (রনি ২৩, মাহমুদউল্লাহ ২৩*, নাদিফ ১৬; আরাফাত ২/১১, সাকিব ১/১২, রিয়াজ ১/১২)।

ফল: বরিশাল ৬ উইকেটে জয়ী (ডি/এল)।

ম্যান অব দ্য ম্যাচ: আল আমিন হোসেন (বরিশাল)।