বর্ণবাদের শিকার উতসেয়া?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উতসেয়া, ক্যাম্পবেল
উতসেয়া, ক্যাম্পবেল

ব্যাপারটা নতুন নয় একেবারেই। এর আগেও অনেকবার জিম্বাবুয়ে ক্রিকেটে বর্ণবৈষম্যের অভিযোগ উঠেছে। দেশটির ক্রিকেট কর্তারা সেসব আমলে নেননি, কখনো কখনো উড়িয়েও দিয়েছেন। সেই বর্ণবাদ নিয়েই আবার তোলপাড় জিম্বাবুইয়ান ক্রিকেট, যেটির মূলে প্রসপার উতসেয়ার অভিযোগ। সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক নিজেই বর্ণবৈষম্যের শিকার হয়েছেন জানিয়ে চিঠি লিখেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চেয়ারম্যান উইলসন মানাসেকে। চিঠিতে উতসেয়া বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন আরেক সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক এবং জেডসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক অ্যালিস্টার ক্যাম্পবেলের দিকে। উতসেয়ার অভিযোগগুলো নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন মানাসে।
জিম্বাবুয়ের হয়ে ৪টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলা উতসেয়া চিঠিতে লিখেছেন, তাঁর বিরুদ্ধে ক্যাম্পবেলের ব্যক্তিগত প্রতিহিংসা আছে, যে কারণে সর্বশেষ বিশ্বকাপ দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর। এ ছাড়া ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ক্রিকেট কমিটির চেয়ারম্যান থাকার সময় ক্যাম্পবেল বেছে বেছে সাদা চামড়ার কোচ, কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন, যাতে নিয়ন্ত্রণটা নিজের হাতে থাকে।
বিশ্বকাপের পর পাকিস্তান সফরের আগে বোর্ডকে এমন একটা চিঠি দিয়েছেন বলে ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন উতসেয়া। তবে যেহেতু ব্যাপারটি তদন্তাধীন, এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি ৩০ বছর বয়সী জিম্বাবুইয়ান অফ স্পিনার। যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, সেই ক্যাম্পবেলের কোনো প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি। তবে চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে জেডসি। জেডসির চেয়ারম্যান মানাসে এক সংবাদ বিবৃতিতে বলেছেন, ‘চিঠিটা আমার কাছে লেখা এবং আমি তা পেয়েছি। জেডসি পুরো বিষয়টি নিয়ে একটা তদন্ত কমিটিও গঠন করেছে। এটা খুবই বিরক্তিকর যে চিঠিটা সংবাদমাধ্যমে চলে এসেছে। জেডসির সবার জন্যই আমার দরজা সব সময় খোলা থাকে। এই অভিযোগের মধ্যে কোনো সত্যতা থেকে থাকলে আমরা তা নিজেরাই মীমাংসা করে ফেলতে পারতাম।’
উৎসেয়ার অভিযোগ প্রকাশ্যে চলে আসায় সবাই জিম্বাবুয়ে ক্রিকেট সম্পর্কে ভুল বার্তা পাবে বলেই বেশি বিচলিত মানাসে। তিনি দাবি করেছেন, ‘সত্যিটা হচ্ছে, জিম্বাবুয়ে ক্রিকেট গায়ের রং দেখে কাউকে নিয়োগ দেয় না বা কারও সঙ্গে চুক্তি করে না। এটা করা হয় প্রতিভা আর অভিজ্ঞতা বিচার করে। আমাদের লক্ষ্য বৈশ্বিক ক্রীড়াক্ষেত্রে ও বিনোদন জগতে সফল হওয়া। জাত, বর্ণ—এসবকে আমরা এই লক্ষ্যের ওপরে স্থান দিতে পারি না। এ ছাড়া বিশ্বজুড়ে আমাদের সহযোগীরাও তো নানা বর্ণের।’ ক্রিকইনফো।