বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মোস্তাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বলে মোস্তাফিজুর রহমানের জন্য বছরটা বাজে কেটেছে?

চোটের সঙ্গে নিয়মিত যুদ্ধ করতে হয়েছে ঠিকই, ম্যাচের পর ম্যাচ মাঠের বাইরে বসে কাটাতে হয়েছে। কিন্তু যতক্ষণ মাঠে ছিলেন বাঁহাতি পেস-বিস্ময়, মুগ্ধ করেছেন। সেগুলোই বছরের শেষ দিকে তাঁকে এনে দিচ্ছে কিছুটা তৃপ্তি আর একের পর এক স্বীকৃতি। কদিন আগেই হয়েছেন আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়। এবার মোস্তাফিজ জায়গা করে নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ঘোষিত বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও।

বছর শেষ। পেছন ফিরে বিশ্বজুড়ে ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা দল গড়ার চেষ্টা করছে সিএ। এর আগে বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলও ঘোষণা করেছিল। গতকাল ঘোষণা করল টি-টোয়েন্টি দলও। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন দেশের ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও খেলোয়াড়েরা কেমন করেছেন, সেটির ভিত্তিতেই খেলোয়াড়দের নেওয়া হয়েছে দলে। লাল-সবুজ জার্সিতে বিশ্বকাপে তিন ম্যাচে ৯ উইকেট, পাশাপাশি হায়দরাবাদ সানরাইজার্সকে আইপিএল জিতিয়ে দলে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ।

দলটা রীতিমতো বিধ্বংসী! অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিং অর্ডারে ভারতের টেস্ট অধিনায়ক থাকছেন তিনে। ওপেনিংয়ে মোস্তাফিজের আইপিএল সতীর্থ অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার ও ইংল্যান্ডের জেসন রয়। ওপরের এই তিনজনকে ফেরালেও রেহাই পাওয়ার উপায় নেই। চারে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। দুই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও দক্ষিণ আফ্রিকার ফারহান বেহারডিয়েন। এঁদের মাঝে ছয়ে নামবেন উইকেটকিপার ইংল্যান্ডের জস বাটলার।

এ তো গেল ব্যাটিং অর্ডার। বোলিংও গোলাবারুদে ঠাসা! এক প্রান্তে মোস্তাফিজ, অন্য প্রান্তে বোলিংয়ে তাঁর ওপেনিংসঙ্গী হবেন ভারতের জসপ্রীত বুমরা। আর অফ স্পিন, লেগ স্পিন দুটিই থাকছে। একদিকে ভারতের রবিচন্দ্রন অশ্বিন, অন্যদিকে পাকিস্তানের শহীদ আফ্রিদি। ক্রিকেট অস্ট্রেলিয়া।