বর্ষসেরা শিলা-মোস্তাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষসেরার পুরস্কার তো জিতেছেনই। সমর্থকদের ভোটেও হয়েছেন সেরা। অর্থমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার সময় গর্বের হাসি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের। পুরস্কার হাতে ২০১৬ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ মাহফুজা খাতুন শিলা। কাল রাজধানীর একটি হোটেলে l প্রথম আলো
বর্ষসেরার পুরস্কার তো জিতেছেনই। সমর্থকদের ভোটেও হয়েছেন সেরা। অর্থমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়ার সময় গর্বের হাসি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের। পুরস্কার হাতে ২০১৬ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ মাহফুজা খাতুন শিলা। কাল রাজধানীর একটি হোটেলে l প্রথম আলো

‘তাঁর জন্য সবচেয়ে সহজ কাজ উইকেট নেওয়া। কিন্তু সবচেয়ে কঠিন কথা বলা’—সঞ্চালকের এমন ঘোষণার পর মাইক হাতে কিছু বলার চেষ্টা করলেন মোস্তাফিজুর রহমান। ততক্ষণে সবাই জেনে গেছেন, কে হচ্ছেন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) ২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ। পেছনের বিশাল পর্দায় ভেসে উঠল ওই বছরে মোস্তাফিজের ক্রিকেটীয় কীর্তিগুলো। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাত থেকে পুরস্কার নিয়ে এক লাইনের প্রতিক্রিয়ায় আয়োজক সংগঠনসহ সবাইকে শুভেচ্ছা জানালেন জাতীয় দলের বাঁহাতি পেসার। আর এতেই যেন খুশি সবাই, ‘যাক মোস্তাফিজের মুখ থেকে তো কিছু শোনা গেল!’ তুমুল করতালিতে ফেটে পড়ল হোটেল সোনারগাঁওয়ের বলরুম।
ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী পুরস্কার এটি। এ বছর একটু জমকালোভাবেই এটির আয়োজন করেছে ক্রীড়ালেখক সমিতি। গত দুই বছরের পুরস্কার এবার দেওয়া হয়েছে একসঙ্গে। ছিল সমর্থকদের ভোটে সেরার একটি পুরস্কার—ক্রিকেটার তামিম ইকবাল, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, হকির আশরাফুলকে পেছনে ফেলে সেটিও হাতে তুলেছেন মোস্তাফিজুর রহমান।
ভারতে আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত ছিল না সেরা দাবাড়ু ফাহাদ রহমান। তার পুরস্কারটি নিয়েছেন বড় ভাই ফাতিহ রহমান। একইভাবে জাপানে ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিতে যাওয়া কৃষ্ণা রানী সরকারের পুরস্কার নেন তাঁর বাবা বাসুদেব সরকার, ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনের পুরস্কার নিয়েছেন তাঁর স্ত্রী হোসনে আরা। বিশেষ সম্মাননা পাওয়া প্রয়াত আমিনুল হক মণির হয়ে পুরস্কার নিয়েছে তাঁর ছোট ভাই মোজাম্মেল হক মুক্তা।
অনুষ্ঠানটি হয়ে উঠেছিল ক্রীড়াঙ্গনের মিলন মেলা, এসেছিলেন বিভিন্ন খেলার সংগঠক ও খেলোয়াড়েরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এআইপিএস এশিয়ার সভাপতি মোহাম্মদ কাশিম।
এক নজরে বিএসপিএ’র পুরস্কার
২০১৫
বর্ষসেরা ক্রীড়াবিদ: মোস্তাফিজুর রহমান (ক্রিকেট), ক্রিকেট: মাহমুদউল্লাহ রিয়াদ, দাবা: ফাহাদ রহমান, আর্চারি: তামিমুল ইসলাম।
উদীয়মান ক্রীড়াবিদ: সারোয়ার জামান (ফুটবল), সংগঠক: ইউসুফ আলী, কোচ: সৈয়দ গোলাম জিলানী, বিশেষ সম্মাননা: আমিনুল হক মনি (মরণোত্তর)।’ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান: ম্যাক্স গ্রুপ।
২০১৬
বর্ষসেরা ক্রীড়াবিদ: মাহফুজা খাতুন শিলা (সাঁতার), ক্রিকেট: তামিম ইকবাল, ভারোত্তোলন: মাবিয়া আক্তার সীমান্ত, হকি: আশরাফুল ইসলাম, শুটিং: শাকিল আহমেদ, ভলিবল: সাঈদ আল জাবীর।
উদীয়মান ক্রীড়াবিদ: মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), উদীয়মান নারী ক্রীড়াবিদ: কৃষ্ণা রানী সরকার (ফুটবল), কোচ: গোলাম রব্বানী ছোটন, সংগঠক: তরফদার মোহাম্মদ রুহুল আমিন, সেরা সংস্থা: নৌবাহিনী। সমর্থকদের ভোটে সেরা: মোস্তাফিজুর রহমান।