বর্ষসেরার মুকুট স্মিথের, ডি ভিলিয়ার্স ওয়ানডে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টিভেন স্মিথ। ছবি: এএফপি
বর্ষসেরা ক্রিকেটার হলেন স্টিভেন স্মিথ। ছবি: এএফপি

গত বছর পেয়েছিলেন মিচেল জনসন। তার আগের বছর মাইকেল ক্লার্ক। আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফির সঙ্গে যেন বেশ একটা রোমান্টিক সম্পর্ক আছে অস্ট্রেলিয়ানদের। ক্লার্ক-জনসন দুজনই অবসর নিয়েছেন, তবে তাঁদের ঐতিহ্যটা ধরে রাখলেন আরেক অস্ট্রেলিয়ান - স্টিভেন স্মিথ। টানা তৃতীয় বারের মতো ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেটের নামের ট্রফিটা অস্ট্রেলিয়াতেই রেখে দিলেন। ২০১৫ সালের আইসিসির বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন এই অস্ট্রেলিয়ান অধিনায়ক।
আজ আইসিসি ঘোষণা করেছে এই বছরের সেরাদের নাম। তাতে সেরার মুকুটটি পেলেন স্মিথ। চতুর্থ অস্ট্রেলিয়ান ও ১১ তম খেলোয়াড় হিসেবে আইসিসির বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন এই ২৬ বছর বয়সী, হাতে তুলে নিয়েছেন সর্বকালের সেরা অলরাউন্ডার সোবার্সের নামের ট্রফিটি। তবে শুধু এটিই নয়, স্মিথ পুরস্কার পেয়েছেন আরও একটি। টেস্টেও বর্ষসেরা হয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।
১৮ সেপ্টেম্বর, ২০১৪ থেকে ১৩ সেপ্টেম্বর, ২০১৫ - এই এক বছরের পারফরম্যান্স হিসেব করে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ে টেস্টে সবচেয়ে বেশি রান স্মিথের। ২৩ টেস্টে ২৫ ইনিংসে তাঁর রান ১৭৩৪। গড় ৮২.৫৭! একই বছরে আইসিসির বর্ষসেরা ও টেস্ট সেরা সপ্তম খেলোয়াড় হলেন স্মিথ। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪), জ্যাক ক্যালিস (২০০৫), রিকি পন্টিং (২০০৬), কুমার সাঙ্গাকারা (২০১২), মাইকেল ক্লার্ক (২০১৩) ও মিচেল জনসন (২০১৪) একই বছরে দুই সেরার পুরস্কার পেয়েছিলেন।

ওয়ানডেতে বর্ষসেরার পুরস্কারটি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। নির্ধারিত সময়ের মধ্যে ২০ ইনিংস খেলেছেন ডি ভিলিয়ার্স। তাতে তাঁর রান ১২৬৫। গড় ৭৯ ছাড়ানো, স্ট্রাইক রেট ১২৮.৪! তিনি ছাড়া আর কেই-বা বর্ষসেরা হতে পারতেন!
টি-টোয়েন্টির জন্য আইসিসির পুরস্কারটির নাম ‘টি-টোয়েন্টি পারফরম্যান্স অব দ্য ইয়ার’। সেই পুরস্কারও গেছে এক দক্ষিণ আফ্রিকানের কাছে। জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬ বলে ১১৯ রানের অবিশ্বাস্য ইনিংসটির জন্য পুরস্কারটি পেয়েছেন ফাফ ডু প্লেসি।
পুরো পুরস্কারের তালিকায় অবশ্য অস্ট্রেলিয়ানদের জয়জয়কার। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। মেয়েদের ক্রিকেটে আইসিসির বর্ষসেরাও একজন অস্ট্রেলিয়ান - অধিনায়ক মেগ ল্যানিং।
আইসিসি স্পিরিট অব ক্রিকেট পুরস্কারটি পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। সহযোগি ও নতুন সদস্য দেশগুলোর সেরা খেলোয়াড় সংযুক্ত আরব আমিরাতের খুররাম খান। আর টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা আম্পায়ার হলে রিচার্ড কেটেলবরো। তথ্যসূত্র: আইসিসি।