বল এখন অস্ট্রেলিয়ার কোর্টেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল ঢাকায় কর্মব্যস্ত দিনই কাটল অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধিদলের l প্রথম আলো
কাল ঢাকায় কর্মব্যস্ত দিনই কাটল অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধিদলের l প্রথম আলো

‘আমরা বাংলাদেশে দল পাঠাচ্ছি’—ক্রিকেট অস্ট্রেলিয়া কখন দেবে এই ঘোষণা?
বাংলাদেশের ক্রিকেটই শুধু নয়, পুরো দেশটাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই প্রশ্নের উত্তর পেতে। ঘোষণাটা যে বাংলাদেশের প্রত্যাশামতোই হওয়ার সম্ভাবনা উজ্জ্বল, সেই ইঙ্গিত স্পষ্ট। পরশু বাংলাদেশে আসার বিমানযাত্রা বাতিল করলেও আজই দিনের শেষ বেলার একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া দলের টিকিট ‘বুক’ করা হয়েছে। সফর হওয়ার পক্ষে এটাই সবচেয়ে বড় ইতিবাচক আভাস।
পরশু রাতে ঢাকায় এসেছেন অস্ট্রেলিয়ার টিম ম্যানেজার গেভিন ডভে ও দলের নিরাপত্তা কর্মকর্তা ফ্রাঙ্ক ডিমাসি। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল আজ ফিরে যাচ্ছেন, তবে বাকি দুজন থেকে যাচ্ছেন।
এসব সূচক জানান দিচ্ছে, নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ হয়তো প্রশমিত করতে পেরেছে বাংলাদেশ সরকার। কাল সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন শন ক্যারল। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন, সর্বোচ্চ নিরাপত্তাই দেওয়া হবে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে। সেটি রাষ্ট্র বা সরকারপ্রধানদের দেওয়া ভিভিআইপি নিরাপত্তা। প্রয়োজনে বাড়তি কিছু চাইলেও তা দিতে প্রস্তুত বাংলাদেশ।
বিসিবিও নিজেদের দিক থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলকে। কিন্তু বাংলাদেশে অস্ট্রেলিয়া দলের আসা না-আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অস্ট্রেলীয় সরকার। শন ক্যারলের প্রতিবেদনের ভিত্তিতেই সেই সিদ্ধান্ত আসার কথা। এর আগ পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী কাল মিরপুরে প্রেস ব্রিফিংয়ে সফর হওয়ার পক্ষেই জোরালো আশাবাদ রাখলেন। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সভায় অস্ট্রেলীয় প্রতিনিধিদলকে সন্তুষ্ট মনে হয়েছে কি না এই প্রশ্নে তিনি বললেন, ‘আমরা তো নিরাপত্তাবিষয়ক সব নিশ্চয়তাই দিয়েছি, এখন তারা সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবে।’ পার্বত্য চট্টগ্রাম সফরেই যেহেতু নিজেদের নাগরিকদের বেশি সতর্ক করেছে অস্ট্রেলিয়া, তাই চট্টগ্রাম থেকে প্রথম টেস্ট সরিয়ে ফতুল্লায় আনা হতে পারে, এমন কথাবার্তা বাতাসে উড়ছে। কিন্তু এ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানালেন প্রধান নির্বাহী। ৩ অক্টোবর থেকে ফতুল্লায় তিন দিনের ম্যাচ না-ও হতে পারে বলে অনেকের অনুমান। এ ক্ষেত্রেও নিজামউদ্দিন চৌধুরীর এক কথা, ‘এমন কোনো ইঙ্গিত তারা আমাদের দেয়নি। আগের সফরসূচিই বহাল আছে।’
পরশু ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডও সফর হওয়ার পক্ষেই কথা বলেছেন। তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার টিম পারফরম্যান্স-বিষয়ক নির্বাহী ব্যবস্থাপক প্যাট হওয়ার্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথও। কাল ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারে হাওয়ার্ডের কথায় সেটিই ধরা পড়েছে, ‘অধিনায়ক স্মিথ, কোচ ড্যারেন লেম্যান ও খেলোয়াড়দের সঙ্গে কয়েক দিন ধরে আমি কথা বলেছি। তাদের মধ্যে অবশ্যই একটু ভয় কাজ করছে, তবে স্মিথ সফরটির ব্যাপারে খুবই আশাবাদী।’
সেই আশার সলতে জ্বালিয়ে রাখতে কালকের দিনটি ছিল গুরুত্বপূর্ণ। হাওয়ার্ডের চোখে ‘বিগ ডে’। ‘আমরা সোমবার ঢাকায় অনেক বৈঠক করেছি এবং প্রচুর লোক এ নিয়ে কাজ করছেন’—বলেছেন হাওয়ার্ড। শুধু বাংলাদেশ নয়, এ অঞ্চলে অস্ট্রেলিয়ান নাগরিকদের ওপর জঙ্গি হামলার হুমকি পেয়েছে অস্ট্রেলিয়া। এ কারণেই ‘ভ্রমণনির্দেশিকা’ জারি করেছে অস্ট্রেলীয় সরকার। এ সংক্রান্ত এক প্রশ্নে হাওয়ার্ড বলেছেন, ‘এটা নিশ্চিত করতে চাই যে, আমরা কম প্রতিক্রিয়া দেখাচ্ছি না, আবার বেশিও নয়।’
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া কী করবে তা জানতে অপেক্ষায় থাকাই ভালো। তবে প্রস্তুতি ঠিকই সেরে রাখছে বাংলাদেশ। গতকালই বিসিবি ঘোষণা করে দিয়েছে প্রথম টেস্টের দলও। মিরপুরের মাঠে ফুরফুরে মেজাজে এদিন ফুটবল খেলেছেন মুশফিকরা। অস্ট্রেলিয়া দলের সফর বিলম্বিত হওয়া নিয়ে কথা বলতে রাজি হননি কোনো ক্রিকেটারই। তবে তাঁদের বিশ্বাস, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৯ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট। শুধু ভেন্যুতেই একটু অদলবদল হতে পারে।