বল করতে 'বাধ্য'ই হলেন মাশরাফি

চোটাক্রান্ত হয়ে কেবল অধিনায়কত্বেই নিজেকে আটকে রেখেছিলেন মাশরাফি বিন মুর্তজা। কুমিল্লার হয়ে গত দুই ম্যাচেই ব্যাটিং-বোলিং কিছুই করেননি। আজও বল হাতে নেওয়ার কথা ছিল না অধিনায়কের। কিন্তু দলের প্রয়োজনে শেষ পর্যন্ত বল হাতে তুলে নিলেন। অনেকটা বাধ্য হয়েই। রংপুর রাইডার্সের বিপক্ষে আজ ইনিংসের ১৯তম ওভারেই আবার তাই দেখা মিলল বোলার মাশরাফির।
টসের সময়ই জিজ্ঞেস করা হয়েছিল, ‘ব্যাটিংয়ে নিজেকে আরেকটু আগে নামছেন না কেন, স্লগ করলে তো রানটাও বাড়ে।’ উত্তরেই মিলেছিল মাশরাফির শারীরিক অবস্থার ইঙ্গিত। বলেছিলেন, ‘বোলিং করব কি না, তারই তো ঠিক নেই।’ কিন্তু নিজের কথা নিজেই রাখতে পারলেন না। মূল চার বোলার নিয়ে সমস্যা ছিল না। কিন্তু পঞ্চম বোলার নিয়েই ঝামেলায় পরলেন কুমিল্লা ভিক্টোরিয়ানস অধিনায়ক। দুজনকে ভাগাভাগি বল করিয়ে পঞ্চম বোলারের অভাবটা পূরণ করতে চেয়েছিলেন। কিন্তু সেই মাহমুদুল হাসান ও কামরুল ইসলাম দুজন মিলে ৩ ওভারে ৩২ রান দিয়ে ফেলেন। রংপুরও ১৮ ওভারেই তুলে নেয় ১৩৫ রান। এবারের বিপিএলের কথা চিন্তা করলে বিশাল স্কোরের দিকেই ছুটছিল রংপুর।
১৯তম ওভারের দায়িত্বটা তাই নিজের কাঁধেই নিয়ে নিলেন। কিন্তু দুই ম্যাচ পরে বোলিংয়ে ফেরাটা খুব ভালো হয়নি মাশরাফির। গতি কমিয়ে করা প্রথম চারটি বল তাও করে ফেলেছিলেন বড় কোনো ঝামেলা ছাড়াই, মাত্র ৫ রান দিয়ে। কিন্তু পঞ্চম বলেই বোঝা গেল অনিয়মিত বোলিংয়ের প্রভাব। অফ স্টাম্পের বাইরে খুবই সাধারণ একটি লেংথ বল। স্লগ ওভারে এ ধরনের বল টি-টোয়েন্টিতে কেউ ছাড়বে না। ব্যাটসম্যান মোহাম্মদ নবী সুযোগ হাতছাড়াও করলেন না, লং অন দিয়ে হাঁকালেন বিশাল এক ছক্কা। শেষ পর্যন্ত ১২ রান দিয়ে ওভার শেষ করলেন মাশরাফি।
হোক না ১২ রান। কিন্তু একে তো চোট, তার ওপর দুই ম্যাচে বোলিংয়ের অনুপস্থিতি ছন্দেও ব্যাঘাত ঘটিয়েছে নিশ্চয়ই। তবুও দলের প্রয়োজনে আবারও হাতে বল তুলে নিয়ে মাশরাফি প্রমাণ করলেন, তিনি সত্যিই অন্য রকম এক ‘নেতা’।