বল করার অনুমতি পেলেন নারাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলে এবারও দেখা যাবে নারাইনকে। ছবি: এএফপি
আইপিএলে এবারও দেখা যাবে নারাইনকে। ছবি: এএফপি

আইপিএল শুরুর মাত্র এক দিন আগে বড় একটা সুসংবাদ পেল কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারাইনের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারের আইপিএলে বল করতে এখন আর কোনো বাধা রইল না।
সর্বশেষ গত নভেম্বরে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নারাইন। এরপর বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। গত ২৮ মার্চ চেন্নাইতে অ্যাকশন শুধরে আবার পরীক্ষা দেন। এরপর আইসিসি জানিয়েছে, নারাইনের সব ধরনের বলই বৈধ।
এর আগে ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগে অভিযুক্ত হয়েছিলেন। গত বছর আইপিএলেও আবার সন্দেহজনক অ্যাকশনের জন্য অভিযুক্ত হন। সেবার অবশ্য বিসিসিআইয়ের চূড়ান্ত সতর্কবার্তা পেয়ে পার পেয়ে যান এই অফ স্পিনার। তবে গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিযুক্ত হওয়ার পর আর মাঠে নামেননি। এখন ঘরোয়া, আন্তর্জাতিক—সব ক্রিকেটই খেলতে পারবেন।
কেকেআরের জন্য এটা বড় একটা স্বস্তির খবরই। ২০১২ ও ২০১৪ সালে এই দলটির আইপিএল জয়ের অন্যতম কুশীলব ছিলেন নারাইন। আইপিএলে চার মৌসুম খেলে নিয়েছেন ৭৪ উইকেট।
তবে আগামী পরশু দিল্লি ডেয়ারডেভিলের সঙ্গে কেকেআরের প্রথম ম্যাচে সম্ভবত থাকছেন না নারাইন। কদিন আগেই নারাইনের বাবা মারা গেছেন, তাই উড়ে গেছেন দেশে। কেকেআরের নতুন কোচ জ্যাক ক্যালিস জানিয়েছেন, নারাইনকে ফেরার জন্য তাঁরা কোনো চাপ দিচ্ছেন না। তথ্যসূত্র : ক্রিকইনফো।