বল টেম্পারিং কী, কেন এ ঝুঁকি নেওয়া?

গত দুই দিনে ক্রিকেট-দুনিয়ায় বল টেম্পারিং শব্দটাই সবচেয়ে আলোচিত। এর ডামাডোলে ক্রিকেটে ফেরার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ব্যবধানের জয়ের মতো ঘটনাও আড়ালে চলে গেছে। ক্যামেরন ব্যানক্রফট ও হলুদ রঙা এক সিরিশ কাগজ অস্ট্রেলিয়ান ক্রিকেটের অতীত সাফল্যকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। এ থেকেই প্রশ্ন জাগে, বল টেম্পারিং এমন কী জিনিস, যার জন্য এত বড় বিতর্কের জন্ম হলো। কেনই বা এত বড় ঝুঁকি নিলেন স্টিভ স্মিথরা?
বল টেম্পারিং কী, সেটা প্রথমে জেনে নেওয়া যাক। ক্রিকেটের আইনে বলা আছে, কোনো দল চাইলে বল চকচকে করতে পারবে কিন্তু সে জন্য কোনো কৃত্রিম বস্তু ব্যবহার করা যাবে না। বল ভিজে গেছে, সেটা তোয়ালে দিয়ে মুছে নেওয়া যাবে, কাদা লাগলে সেটা আম্পায়ারের পর্যবেক্ষণে সরানো যাবে। এমনকি বল চকচকে করতে থুতুও ব্যবহার করা যাবে কিন্তু অন্য কিছু ব্যবহার করা যাবে না। অন্য উপায়ে বলের অবস্থা পরিবর্তন করার যেকোনো চেষ্টাই অনৈতিক। অর্থাৎ সেটিই বল টেম্পারিং।

এবার দেখে নেওয়া যাক কীভাবে বল বিকৃত করার চেষ্টা করা হয়। ক্যামেরন ব্যানক্রফটের কাগজ দিয়ে বল ঘষার চেষ্টা তো দেখে ফেলেছেন সবাই। ২০১৩ সালে ফাফ ডু প্লেসির জিপারে বল ঘষা, কিংবা ১৯৯৪ সালে মাইকেল আথারটনের পকেটে বালু রেখে বল পরিচর্যার ঘটনাও চলে আসছে সবার মাথায়। এসবই করা হয় বলের এক দিক রুক্ষ করার উদ্দেশ্যে।
বল টেম্পারিংয়ের আরেকটি উপায় হচ্ছে বলের এক ভাগ অতিরিক্ত মসৃণ করে ফেলা। বল পেলেই ফিল্ডারদের ঘষার কারণটা কিন্তু এটাই। থুতু ব্যবহার করে বলের এক দিক মসৃণ করার জন্য এখন দলগুলো বিশেষ কয়েকজনকে দায়িত্ব দিয়ে থাকে। তাঁদের দায়িত্বই থাকে বল পেলেই হাতের স্লিভ, ট্রাউজারের কোনা আর থুতু ব্যবহার করে ক্রমাগত বলের শুধু এক দিক চকচকে রাখা। এ কাজ করতে গিয়ে ২০১৬ সালে চট্টগ্রাম টেস্টের পর পেটের পীড়ায় পড়েছিলেন জো রুট। মাঠের ময়লা লাগা বলে টানা থুতু লাগানোর কুফল! কিন্তু এসব বৈধ কাজ।
ব্যাপারটা অবৈধ পর্যায়ে চলে যায় যখন মুখের থুতুটা আরও কার্যকরী করতে কৃত্রিম কিছু ব্যবহার করা হয়। কিছুদিন আগে মুখে মিন্ট চুইংগাম চিবিয়ে বল চকচকে করায় শাস্তি পেয়েছিলেন ডু প্লেসি। এর আগে জহির খানের বিরুদ্ধে জেলি বিন ব্যবহার করার অভিযোগ তুলেছিল ইংলিশরা। ভারতের স্থানীয় ক্রিকেটেও মেনটোস ব্যবহার করে বল চকচকে রাখার কথাও শোনা গেছে বেশ কয়েকবার। এসবই বল টেম্পারিংয়ের পর্যায়ে পড়ে।

এ ছাড়া তৃতীয় আরেকটি উপায়ে বল টেম্পারিং করা হয়। সেটি হলো, বলের সিম নখ দিয়ে খুঁটে একটু উঁচু করা। ব্যাপারটা আরেকটা উপায়ে করা যায়, তবে ধরা পড়ার আশঙ্কা এক শ ভাগ। শহীদ আফ্রিদির বল কামড়ানোর ঘটনা নিশ্চয় স্মৃতি থেকে হারিয়ে যায়নি এখনো! এ তিনটি কাজই করা হয় এক উদ্দেশ্যে, পেস বোলারদের বাড়তি সুবিধা (সুইং) পাওয়া।
বল পুরোনো হয়ে গেলে সুইং পাওয়ার উপায় একটাই। সেটি হলো বলের দুই দিকের পৃষ্ঠের মধ্যে পার্থক্য ব্যবহার করা। অর্থাৎ একটি দিক যদি মসৃণ থাকে এবং অন্য দিকটা যদি রুক্ষ থাকে, তবে দুই পৃষ্ঠের মধ্যে একটা চাপের পার্থক্য সৃষ্টি হয়। বল যখন বাতাস কেটে যায়, তখন মসৃণ অংশে বাতাস প্রায় নির্বিঘ্নে চলে যায়। কিন্তু রুক্ষ অংশের পৃষ্ঠে বাতাসের চাপটা অনেক বেশি হয়। এই দুই পৃষ্ঠের চাপের পার্থক্য যত বেশি থাকে, ততই সুইং বেশি পান বোলাররা।
সাধারণ সুইং পেতে চাইলে চকচকে অংশটা সামনে রেখে বল করেন পেসাররা। আর রিভার্স সুইং পেতে হলে রুক্ষ অংশটা। এ কারণেই যারা রিভার্স সুইং বেশি করান, তাঁরা ডেলিভারি করার আগে হাত দিয়ে আড়াল করে রাখেন বল। ব্যাটসম্যান যেন বলের সামনের অংশ দেখে কিছু আন্দাজ করতে না পারেন। তাই বল যত বেশি মসৃণ কিংবা রুক্ষ হবে, ততই সুবিধা ফিল্ডিং দলের জন্য। এ কারণেই বল চকচকে করা বা রুক্ষ করার জন্য বল টেম্পারিংয়ের মতো ঝুঁকি নিতে চায় দলগুলো।
নখ দিয়ে খোঁটানো (কিংবা আফ্রিদির কামড়ের) উদ্দেশ্য একটু ভিন্ন। বলের মূল সিম কিংবা পাশের সিম একটু উঁচু করতে পারলে বলে বাড়তি সুইং পাওয়া যায়। মূল সিমে কাজটা করলে স্বাভাবিক সুইংটা ভালো হয় আর পাশের সিমে একটু কারুকাজ করতে পারলে রিভার্স সুইংটা খেলে ভালো।