বল টেম্পারিং ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ চলতেই থাকবে

বল-টেম্পারিং-কাণ্ড নাড়িয়ে দিয়েছিল ক্রিকেট দুনিয়া।ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সে ঘটনা অস্ট্রেলিয়া ক্রিকেটের গায়ে চিরজীবনই  ক্ষত হয়ে থাকবে। তবু তিন বছরে সে স্মৃতিতে একটু হলেও ধুলা জমেছিল। কিন্তু ক্যামেরন ব্যানক্রফট সে ধুলা উড়িয়ে দিলেন আচমকা। আর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল সিরিশ কাগজ আর বল টেম্পারিংয়ের সেই দগদগে ক্ষত। ২০১৮ সালের মার্চে কেপটাউন টেস্টে বোলারদের সুবিধার জন্য হলুদ সিরিশ কাগজ দিয়ে বল ঘষেছিলেন ব্যানক্রফট। সে ঘটনায় এই ব্যাটসম্যান ছাড়াও নিষেধাজ্ঞা জুটেছিল অধিনায়ক ও সহ-অধিনায়ক স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের।

সে ঘটনার রেশ কাটিয়ে আবার জাতীয় দলে থিতু হয়ে গেছেন স্মিথ ও ওয়ার্নার। এরই মধ্যে আচমকা এক বোমা ফাটালেন ব্যানক্রফট। বলেছেন, বল বিকৃত করার দায় তাঁর। তবে বোলাররা যে চমকে যাওয়ার ভান করেছেন, সেটা মিথ্যা। কারণ, বলে যে কিছুটা হলেও কারুকাজ করা হচ্ছে, সেটা ভালোভাবেই বোঝার কথা বোলারদের। এ ব্যাপারে সে সময়কার বোলিং কোচ ডেভিড সাকের বলেছেন, এ ঘটনার ভূত কখনো অস্ট্রেলিয়ান ক্রিকেটের ঘাড় থেকে নামবে না। এভাবে পাল্টাপাল্টি দোষারোপও চলতে থাকবে।

কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপে থাকা নামগুলো এখনো দলের মূল অস্ত্র—প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন। ঘটনার পরপরই ডেভিড ওয়ার্নার ইঙ্গিতে বলেছিলেন, দলের সবাই মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এর জবাবে চার বোলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। বোলাররা জানতেন কি না, এমন প্রশ্নে এত দিন পর ব্যানক্রফট জানালেন, বোলাররা অতটা নিষ্পাপ নন, ‘আহ…হ্যাঁ, দেখুন আমার মনে হয় জানত। এটা তো বোঝাই যায়।’

সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য এজ এ ব্যাপারে সে সময়কার বোলিং কোচের কাছে জানতে চেয়েছিল। ২০১৯ সালে অস্ট্রেলিয়া দলের সঙ্গে সম্পর্কচ্ছেদ করা সাকের বলেছেন, ‘এটা তো জানা কথা, সে সময় অনেক ভুল হয়েছে। এভাবে একে অন্যকে দোষারোপ করা চলতেই থাকবে। ওখানে অনেকেই ছিল, যাদের দোষ দেওয়া যায়। আমাকে দোষ দেওয়া যায়, অন্য কাউকে দোষারোপ করা যায়। এটা চাইলেই থামানো যেত কিন্তু হয়নি।’

বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়েছেন ব্যানক্রফট ও স্মিথ।
ফাইল ছবি

নিষেধাজ্ঞা থেকে ফেরার পর আড়াই বছর পেরিয়ে গেছে। এরপর কেন হঠাৎ ব্যানক্রফটের এমন বিতর্ক সৃষ্টির ইচ্ছা হলো? এ ব্যাপারে সাকেরের মত, এ ব্যাপারে ধীরে ধীরে অনেক কিছুই জানা যাবে, ‘ক্যামেরন খুব ভালো একটা ছেলে। সে শুধু জমানো ব্যথা কমানোর চেষ্টা করছে...এরপর আবার কেউ না কেউ এটা করবে, আপনি চাইলে আমার দিকে ইঙ্গিত করতে পারে, চাইলে ড্যারেন লেম্যানকে (সে সময়কার মূল কোচ) দায়ী করতে পারেন, অন্য যে কাউকে দোষ দিতে পারেন, যে কাউকে। দুঃখের ব্যাপার হলো, এ ঘটনা কখনো আড়ালে যাবে না। যা–ই বলা হোক না কেন, আমরা সবাই জানি কী বিশাল ভুল করেছি। সব বের হয়ে আসার আগপর্যন্ত এর গুরুত্ব বোঝা যায়নি।’

ব্যানক্রফটের মন্তব্যের পরই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, নতুন কোনো তথ্য থাকলে তাদের জানানো উচিত এবং দরকার হলে আবার তদন্ত করা হবে সে ঘটনা। সাকের তদন্তের ব্যাপারে আপত্তি জানাচ্ছেন না, তবে এতে কোনো লাভ হবে কি না, সেটা ভেবে দেখতে বলেছেন এই বোলিং কোচ, ‘আমার মনে হয় না নতুন করে তদন্ত করা অন্যায় হবে। আমি বুঝতে পারছি না তার কী খুঁজে পাবে (নতুন করে)। এটা ওই আন্ডারআর্ম বলের (১৯৮১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেভর চ্যাপেলের গড়িয়ে বল করা) ঘটনার মতো, আজীবন রয়ে যাবে।’