বল ট্যাম্পারিং করেছিলেন ডু প্লেসি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভি ফুটেজ দেখাচ্ছে ফাফ ডু প্লেসি কীভাবে লালা মাখাচ্ছেন বলে l ক্রিকেট অস্ট্রেলিয়া
টিভি ফুটেজ দেখাচ্ছে ফাফ ডু প্লেসি কীভাবে লালা মাখাচ্ছেন বলে l ক্রিকেট অস্ট্রেলিয়া

২০১৩ সালে বল বিকৃতির অভিযোগ উঠেছিল ফাফ ডু প্লেসির বিরুদ্ধে। প্যান্টের জিপারের কাছে নাকি বল ঘষেছিলেন। পরে অভিযোগ স্বীকার করে নেওয়ায় প্রোটিয়া ব্যাটসম্যানকে জরিমানা দিতে হয় ম্যাচ ফির ৫০ শতাংশ।
আবারও ডু প্লেসির বিরুদ্ধে একই অভিযোগ। টিভি ফুটেজে দেখা গেছে, সদ্য সমাপ্ত হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৫৪তম ওভারে প্রোটিয়া অধিনায়ক লালা মাখাচ্ছেন কোকাবুরা বলে। তাঁর মুখে তখন চুইংগাম। কাগিসো রাবাদার করা ওভারটায় তিন বলের মধ্যে আউট হয়েছেন পিটার নেভিল ও জো মিনি। অস্ট্রেলিয়া টেস্ট হেরেছে ইনিংস ও ৮০ রানে।
পার্থে প্রথম টেস্টে ইচ্ছাকৃত বল বাউন্স করানোয় ডু প্লেসিকে সতর্ক করা হয়। সিরিজের দ্বিতীয় টেস্টের আগে প্রোটিয়া অধিনায়ক অবশ্য একে ‘তিলকে তাল করে দেখানো’ বলে উড়িয়ে দিয়েছিলেন। যদিও হোবার্ট টেস্টে ডু প্লেসির বিরুদ্ধে আম্পায়াররা কোনো ব্যবস্থা নেননি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে, আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনের এখতিয়ার আছে তাঁকে রিপোর্ট করার। যদি আইসিসি কিছু না করে, তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের সুযোগ আছে এ বিষয়ে কিছু করার।
এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এই আনন্দক্ষণে কিনা ডু প্লেসিকে ঘিরে এমন বিতর্ক! সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।