কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই কাল লিস্টারশায়ারের বিপক্ষে ব্যাট করার সময় হাত দিয়ে বল ধরে আউট হয়েছেন ডার্বিশায়ার ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটসম্যান হাত দিয়ে বল ধরার কারণে আউট হওয়ার এটি ৫৬তম ঘটনা। এ দুর্ভাগ্যটা প্রথম হয়েছিল সাবেক ইংলিশ পেসার জেমস গ্রান্ডির, ১৮৫৭ সালে এমসিসির হয়ে কেন্টের বিপক্ষে ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেট ‘হ্যান্ডলিং দ্য বল’ আউট দেখেছে টেস্টে সাতবার, ওয়ানডেতে দুবার। ১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে ব্যাট করার সময় প্রথম এই আউট হয়েছিলেন অস্ট্রেলিয়ার রাসেল এনডিন। টেস্টে সর্বশেষ এ রকম আউট হয়েছেন মাইকেল ভন, ২০০১ সালে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে। ওয়ানডেতে হাত দিয়ে বল ধরে আউট হয়েছেন ভারতের মহিন্দর অমরনাথ (১৯৮৬ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে) ও দক্ষিণ আফ্রিকার ড্যারিল কালিনান (১৯৯৯ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)।