বাংলাদেশের লক্ষ্য ২১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের ৬ উইকেট তুলে নিয়েছে সালমা-বাহিনী। ছবি: এএফপি।
পাকিস্তানের ৬ উইকেট তুলে নিয়েছে সালমা-বাহিনী। ছবি: এএফপি।

বাংলাদেশের মেয়েদের সামনে সিরিজের প্রথম ওয়ানডেতেও দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন বিসমাহ মারুফ। মাত্র আট রানের জন্য সেঞ্চুরি পাননি এই পাকিস্তানি নারী ক্রিকেটার। কিন্তু তাঁর ৯২ রানের অনবদ্য ইনিংসের ওপর ভর করে তাঁর দল ঠিকই ২১৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বাংলাদেশের নারীদের সামনে।
করাচির সাউথএন্ড পার্ক ক্রিকেট মাঠে টসে জিতে ব্যাটিংই বেছে নিয়েছিল পাকিস্তানি মেয়েরা। কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় তারা। ১৯ রানে প্রথম উইকেট হারানো পাকিস্তান একপর্যায়ে পরিণত হয় ৯৯ /৪-এ।
আজ দারুণ বল করেছেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। প্রথম আট ওভারে তিনি ছিলেন বড্ড কৃপণ। কোটার ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৩টি উইকেট। সালমাকে দারুণ সহযোগিতা করেছেন অন্যান্য বোলাররাও। খাদিজা-তুল-কোবরা, লতা মণ্ডল, নাহিদা আকতার আর ফাহিমা খাতুন প্রত্যেকেই তুলে নিয়েছেন একটি করে উইকেট।
বিসমাহ মারুফ ছাড়া পাকিস্তানি ব্যাটারদের মধ্যে বড় কোনো স্কোর কারওরই নেই। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ নাইন আবিদির—২৭। এছাড়া জাভেরিয়া খান আর নিদা দার দুজনেই করেছেন ২১ রান করে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম উইকেট জুটিতে যথাক্রমে ২৯,৩৬ আর ৩২ রান তুলে পাকিস্তানি মেয়েরা চাপের মধ্যেও নিজেদের সংগ্রহকে নিয়ে যায় ২১৪-এ।
বাংলাদেশের মেয়েদের বোলিং সফরের প্রথম দুটো টি-টোয়েন্টি ম্যাচেও ভালো হয়েছিল। কিন্তু সমস্যা হয়ে দেখা দিয়েছিল বাংলাদেশের ব্যাটিং। ব্যাটিং দুর্বলতার কারণেই দুই টি-টোয়েন্টিতেই হার সঙ্গী হয়েছে বাংলাদেশের। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের ছুড়ে দেওয়া ২১৫ রানের চ্যালেঞ্জ উতরে যেতে ব্যাটসম্যানদের আগের ব্যর্থতা থেকে বেরিয়ে আসাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।