বল হাতে ঝলক সৌম্যর, বাংলাদেশের লক্ষ্য ৮৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সিডনি ওভালে খেলছে বিসিবি একাদশ। সৌজন্য: এএসএম রবিউল হোসেন রবিন।
নর্থ সিডনি ওভালে খেলছে বিসিবি একাদশ। সৌজন্য: এএসএম রবিউল হোসেন রবিন।

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ৮৪ রানের লক্ষ্য পেয়েছে বিসিবি একাদশ। বৃষ্টি আইনে পরিবর্তিত এই লক্ষ্য বাংলাদেশকে ছুঁতে হবে ৮ ওভারে। সিডনি ওভালে এই টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬৯ রান করেছিল সিডনি সিক্সার্স।
তবে শুরুটা যেভাবে করেছিল সিক্সার্স, তাতে রানটা কমই হয়েছে। দুই ওপেনার ডেন হিউজ ও জেসন রয় রীতিমতো তাণ্ডব বইয়ে দিয়েছেন পাওয়ার প্লেতে। প্রথম ছয় ওভারে সিক্সার্স কোনো উইকেট না হারিয়েই করেছে ৬৪ রান। বাংলাদেশকে স্বস্তি দিয়ে হিউজ আউট হয়েছেন ৪৭ রানে (৩১ বল)। একটু পরেই তাইজুলের বলে ফিরেছেন ব্র্যাড হ্যাডিন। ২ উইকেট হারিয়ে ১১ ওভারেই ১০০ ছুঁয়ে ফেলে সিক্সার্স। পরের ওভারেই তাসকিন আহমেদের বলে ২৩ বলে ৪২ রান করা রয় আউট হন। এরপরই ম্যাচে ফেরে ফিরে বাংলাদেশ।
শেষ দিকে জর্ডান সিল্ক ছাড়া অন্য কেউই বড় স্কোর গড়তে পারেননি। সিল্ক করেছেন ২৯ বলে ৩৫ রান। সিল্কসহ তিন ব্যাটসম্যান আউট হয়েছেন শেষ ওভারে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল সৌম্য সরকার। ব্যাট হাতে অনেকদিন ধরে ফর্মের সঙ্গে যুঝতে থাকা বাঁহাতি ব্যাটসম্যান পেয়েছেন ৩ উইকেট! তাইজুল ও তাসকিন পেয়েছেন দুটি করে উইকেট।
বাংলাদেশের ব্যাটিংয়ের আগে বৃষ্টির নামায় ১৭০ রানের লক্ষ্যটা বদলে ৮৪তে নেমে এসেছে।