বল হাতে নায়ক কাপালি

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাটট্রিক তাঁরই। ২০০৩ সালে পেশোয়ার টেস্টে পাকিস্তানের বিপক্ষে লেগ স্পিনের জাদুতে তুলে নিয়েছিলেন টানা ৩ বলে ৩ উইকেট। তবে অলোক কাপালির পরিচিতি যতটা না বোলার হিসেবে তার চেয়েও অনেক বেশি একজন ব্যাটসম্যান হিসেবে। তাঁর দৃষ্টি-নন্দন ব্যাটিং একসময় মুগ্ধতা ছড়িয়েছিল এ দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কিন্তু সে সব এখন প্রায় অতীত। জাতীয় দলে তিনি নেই অনেক দিন ধরে। ঘরোয়া ক্রিকেটে খেলছেন ঠিকই। কিন্তু আলোচনায় আসার মতো পারফরম্যান্স নেই নিয়মিত। হঠাৎ হঠাৎ তিনি জ্বলে ওঠেন। সেই জ্বলে ওঠা আক্ষেপ ছড়ায়, সবাইকে পোড়ায় দারুণ এক প্রতিভাকে পেয়েও হারানোর বেদনয়।
প্রিমিয়ার লিগে আজ ছিল কাপালির জ্বলে ওঠার দিন। তবে ব্যাট নয়, বল হাতে জ্বলে উঠলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই অলরাউন্ডার। কলাবাগান ক্রিকেট একাডেমির (কেসিএ) বিপক্ষে ৪৪ রানে নিয়েছেন ৫ উইকেট। কাপালির ঘূর্ণিতে কেসিএ গুটিয়ে গেছে ১৮৬ রানেই। জবাবে ব্যাট করতে নেমে কাপালির গাজী গ্রুপ ক্রিকেটার্স মাত্র ২ উইকেট হারিয়েই তুলে নিয়েছে দারুণ এক জয়। শামসুর রহমান অপরাজিত ছিলেন ৯৫ রানে।
ব্যাটিংয়ে নামেননি কাপালি। এবারের প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত বোলিংটাই যেন উপভোগ করছেন তিনি। কলাবাগান ক্রীড়াচক্র, মোহামেডান স্পোর্টিং, ক্রিকেট কোচিং স্কুল, লিজেন্ড অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংকের বিপক্ষে পাঁচ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।
ব্যাটিং মোহামেডানের বিপক্ষে ৪৮ রান ছাড়াও আছে তিনটি অপরাজিত ইনিংস—কলাবাগানের বিপক্ষে ২৩, ক্রিকেট কোচিংয়ের বিপক্ষে ৪ এবং প্রাইম ব্যাংকের বিপক্ষে ১৫।
লিস্ট ‘এ’ ক্রিকেটে আজকের ম্যাচেই ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন কাপালি। লিস্ট এ ক্যারিয়ারে এটাই তাঁর সেরা বোলিং। এর আগে সেরা ছিল ২৩ রানে ৪ উইকেট।