বল হাতেই নববর্ষ উদ্যাপন সাকিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের বলেই কী দুর্দান্ত ক্যাচটাই না নিলেন সাকিব আল হাসান
নিজের বলেই কী দুর্দান্ত ক্যাচটাই না নিলেন সাকিব আল হাসান

কলকাতায় পা রেখেই নাকি সাকিব আল হাসান ইলিশের খোঁজ করেছেন। বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে হবে না? কলকাতায় ভালো ইলিশ সাকিব পেয়েছেন কি না কে জানে! তবে পয়লা বৈশাখে ইডেন গার্ডেনে আজ তাঁর বোলিংটা হয়েছে ভালো।

কলকাতা, ইডেন গার্ডেন—সাকিবের সঙ্গে জড়িয়ে ছিল সাতটা বছর। ২০১১ সালে আইপিএল অভিষেকের পর টানা সাত বছর খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। দীর্ঘদিনের সম্পর্কটা ছিন্ন হয়ে এবার বাঁহাতি অলরাউন্ডারের নতুন ঘর সানরাইজার্স হায়দরাবাদ। পুরোনো ঠিকানাটাই এখন হয়ে গেছে প্রতিদ্বন্দ্বীদের ডেরা! কলকাতার মুখোমুখি সাকিব এমন দিনেই হলেন যে দিনটার তাৎপর্য কিনা বাঙালিদের কাছে অন্য রকম।

কেন উইলিয়ামসন সাকিবকে নিয়ে এলেন সপ্তম ওভারে। প্রথম ওভারেই কৃপণ বোলিং, দিলেন মাত্র ৩ রান। সাকিবের ওভারের পর ঝেঁপে নামল বৃষ্টি। এমন উৎসবমুখর দিনটাই কিনা প্রায় ভেস্তে যাচ্ছিল বৈশাখের বৃষ্টিতে। বৃষ্টির তীব্রতা দেখে ক্রিকইনফো মজা করে লিখেছে, ‘আজ রাতে ইডেনে অনেক পরিবারের বাংলা নববর্ষ উদ্‌যাপনের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে’! সেই অনেক পরিবারের সঙ্গে নিশ্চয়ই সাকিব ও তাঁর পরিবারও আছে। উম্মে আহমেদ শিশির আর আলায়নাও যে ইডেনে। বৃষ্টিবাধা পেরিয়ে ঘণ্টাখানেক পর আবারও শুরু হলো ম্যাচ, কোনো ওভার-কর্তন ছাড়াই।

ইনিংসের নবম ওভারে আবারও বোলিং আক্রমণে সাকিব। বাঁহাতি অলরাউন্ডারের বলে রান তোলা পৃথিবীর কঠিনতম কাজ যেন হয়ে গেল কলকাতার ব্যাটসম্যানদের। নবম ওভারের শেষ বলে লং অনে সুনীল নারাইনের ক্যাচটা লুফে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করেন মনিশ পান্ডে। সেটি না হলেও ছক্কা বাঁচিয়ে দিয়েছেন অবশ্যই।

ঢাকা ডায়নামাইটসের সতীর্থ নারাইনকে সাকিবই ফিরিয়েছেন, সেটি নিজের তৃতীয় ওভারে। ক্যারিবীয় স্পিন অলরাউন্ডার যেন ছটফট করছিলেন আউট হতে! সাকিব সেই সুযোগটা নিলেন। মিড উইকেট থেকে পেছনে দৌড়ে উইলিয়ামসনের ক্যাচ বানিয়ে ফেরালেন নারাইনকে। ৩ ওভারে ১৮ রানে ১ উইকেট নেওয়া সাকিব আরও দুর্দান্ত নিজের শেষ ওভারে। ১৩তম ওভারে করা তাঁর দ্বিতীয় বলটা পাঞ্চ করেছিলেন ক্রিস লিন। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে দেখার মতো এক ক্যাচ নিলেন সাকিব। লিন ফিরলেন ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থেকে। ৪ ওভার শেষে সাকিবের বোলিং বিশ্লেষণী ৪ ওভারে ২১ রানে ২ উইকেট, মাত্র একটি বাউন্ডারি হয়েছে, ২৪ বলের ডট ১১টিই—বল হাতে নববর্ষটা স্মরণীয় করে রাখতে সাকিবের আর কী লাগে!

সাকিব ভালো বোলিং করেছেন। ভালো বোলিং হয়েছে পুরো হায়দরাবাদেরই। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কলকাতা ৮ উইকেটে করতে পেরেছে ১৩৮ রান।