
* ইংলিশ বোলারদের সামনে ভারতের সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপের নিয়মিত ধস!
* ভারতের বোলারদের সামনে দুই ইংলিশ ব্যাটসম্যান—গ্যারি ব্যালান্স ও জো রুটের নিয়মিত রানের বন্যা!
ইংল্যান্ড-ভারতের চলমান টেস্ট সিরিজে এ দুটি দৃশ্য যেন চোখ সওয়া! ব্যালান্স-রুটের দুটি ফিফটির সঙ্গে অধিনায়ক অ্যালিস্টার কুকের ফর্মে ফেরার নিদর্শন হিসেবে ৭৯—দ্বিতীয় দিন শেষে ওভাল টেস্টে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৩৮৫। লিড ২৩৭ রানের। ওভাল টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর বল হাতেও নাকাল ভারত।
আগের দিনের বিনা উইকেটে ৬২ রানের সঙ্গে আজ ৭ উইকেটে ৩২৩ রান যোগ করল ইংলিশরা। দিনের শুরুতেই অ্যারন বরুণের বলে ৩৭ করে ফিরে যান স্যাম রবসন। দ্বিতীয় উইকেট জুটিতে কুক-ব্যালান্স তোলেন ১২৫। অ্যারনের বলে কুক ফিরলে ১ উইকেটে ১৯১ থেকে ৫ উইকেটে ২২৯—৩৮ রানেই ইংল্যান্ডের ৪ উইকেট পতন। সাময়িক এ বিপর্যয় সামলে নেন রুট ও জন বাটলার। দুজনের ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৮০। ৯২ রানে উইকেটে রয়েছেন রুট। স্টারস্পোর্টস ১ ও ক্রিকইনফো।