বলির পাঁঠা ডু প্লেসি?

অভিযোগ উঠেছিল। বল ট্যাম্পারিংয়ের সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় এরই মধ্যে শাস্তিও শুনিয়ে দেওয়া হয়েছে ফাফ ডু প্লেসিকে। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্তর্বর্তী অধিনায়ক এখনো মনে করেন না, তিনি অন্যায় কিছু করেছেন। বরং আইসিসি তাঁকে বলির পাঁঠা বানিয়েছে বলে দাবি ডু প্লেসির।
হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৫৪তম ওভারের ঘটনা। ওই সময়ের ভিডিও ফুটেজে দেখা যায়, ডু প্লেসি লালা মাখাচ্ছেন বলে। প্রোটিয়া অধিনায়কের মুখে তখন চুইংগাম। দুবারের বেশি এমনটা করতে দেখা গেছে ডু প্লেসিকে। আম্পায়াররা অবশ্য তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি। তবে ভিডিও ফুটেজ দেখে ঘটনাটির তদন্তে নামে আইসিসি। এরপর পরশু শুনানি শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট বল ট্যাম্পারিংয়ের কারণে ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয় ডু প্লেসিকে।
ডু প্লেসি অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। পুরো দক্ষিণ আফ্রিকা দলও তাঁকে শুরু থেকেই সমর্থন দিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট অধিনায়ক হাশিম আমলা তো বলেছেনই, ‘ডু প্লেসির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটা রসিকতা ছাড়া আর কিছুই না।’
কাল শাস্তি শোনার পর ক্ষোভ ঝেড়েছেন ডু প্লেসিও। অ্যাডিলেডে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি মোটেও এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। আমি এখনো মনে করি, অন্যায় কিছু করিনি। আমি কোনোরকম প্রতারণা করতে চাইনি।’
বলে লালা মাখানোটা ঠিক ট্যাম্পারিং নয় দাবি করে ডু প্লেসি বলেছেন, ‘বোঝাই যাচ্ছে, আমাকে বলির পাঁঠা হিসেবে ব্যবহার করার জন্য আইসিসি আমার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে। আমি শুধু এটুকুই আশা করব, ভবিষ্যতে সবাইকে যাতে সমানভাবে দেখা হয়।’ এএফপি।