বলেকয়ে অভিষেকে প্রথম বলে ছক্কা মেরেছেন ইশান কিষান
তখন মাত্রই পৃথ্বী শর তাণ্ডব থেকে রক্ষা পেয়েছে শ্রীলঙ্কা। ওপেন করতে নেমে ৯টা চার মেরে মাত্র ২৪ বলে ৪৩ করে দলের রান পাঁচ ওভারেই ৫৭-তে নিয়ে গিয়েছিলেন তরুণ এই ওপেনার। আভিষ্কা ফার্নান্দোর হাতে ক্যাচ বানিয়ে ধনঞ্জয় ডি সিলভা যখন শকে ড্রেসিংরুমে ফেরালেন, হয়তো একটু হাঁপ ছেড়ে বেঁচেছিল শ্রীলঙ্কা। হয়তো ভেবেছিল, কিছুক্ষণের জন্য তাণ্ডবের হাত থেকে রক্ষা পাওয়া গেল।
অমনটা যদি ভেবেও থাকেন, কী ভুলই না ভেবেছিলেন ডি সিলভা! তিন নম্বরে নেমেছিলেন ইশান কিষান, ভারতের জার্সিতে যাঁর ওয়ানডে অভিষেক হয়েছে গতকাল। কিন্তু ডি সিলভার ভাবনায় ছেদ ঘটার কারণ ঘটল পরের বলেই! কিষানের খেলা প্রথম বল ছিল সেটি। ডাউন দ্য উইকেটে এসে লং অন বাউন্ডারির ওপর দিয়ে ডি সিলভাকে বিশাল এক ছক্কা মেরে ওয়ানডেতে নিজের আবির্ভাবের কথা জানান দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান।
এখন জানা গেল, ওয়ানডেতে নিজের প্রথম বলে ছক্কা মারার এই ঘটনাটা কাকতালীয় নয়। ব্যাট করতে নামার সময় সতীর্থদের বলেকয়ে এসেই আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের প্রথম বলে ছক্কা হাঁকিয়েছেন কিষান!
সনিকে দেওয়া সাক্ষাৎকারে কিষান নিজেই এই গুমর ফাঁস করেছেন। নিজের জন্মদিন উপলক্ষে নিজেকে এভাবেই ‘উপহার’ দেওয়ার চিন্তা করেছিলেন সদ্যই তেইশে পা দেওয়া এই ব্যাটসম্যান, ‘ক্রিজে নামার আগেই সবাইকে বলে এসেছিলাম, আমি প্রথম বলে ছক্কা মারব। বল যেখানেই পিচ করুক না কেন, আমি ছক্কা মারবই। সবাই জানত এটা। কারণ পিচ ভালো ছিল, সবকিছু আমার পক্ষে ছিল, আমার জন্মদিনও ছিল, আমার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচ ছিল এটা।’
প্রথম বলে ছক্কা মেরেও কি থেমেছেন? না! পরের বলে ডি সিলভার ডানহাতি অফস্পিনে একটু দ্রুতগতির ফুল লেংথের বলটিকে সপাটে চার মেরেছেন কাভার পয়েন্ট অঞ্চল দিয়ে। শেষ পর্যন্ত কিষানের ঝড় থেমেছে ১৭.৫ ওভারে।
ততক্ষণে ভারত চালকের আসনে। শিখর ধাওয়ানের সঙ্গে ৯৫ রানের জুটি গড়ে বাঁহাতি স্পিনার লক্ষ্মণ সান্দাকানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে যখন আউট হলেন, কিষানের নামের পাশে জ্বলজ্বল করছে ৫৯ রান। ৪২ বল খেলে ৮টা চার আর ২টি ছক্কা মেরেছেন নিজের অভিষেক ওয়ানডে ইনিংসে।
শুধু প্রথম বলে ছক্কা মেরেছেন বলে নয়, ১৬তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকে হাফসেঞ্চুরি করার কীর্তিও গড়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। গতকাল আবার কিষানের জন্মদিনও ছিল। কিষান আর অধিনায়ক শিখর ধাওয়ানের হাফসেঞ্চুরির ওপর ভর করেই শ্রীলঙ্কাকে সাত উইকেটে হারিয়েছে ভারত।
এক দিনে কিষানের প্রাপ্তির যেন কোনো শেষ নেই!