
দুই বাঁহাতি ব্যাটসম্যানের গড়া সর্বোচ্চ উদ্বোধনী জুটি কোনটি? মাত্র কদিন আগের ঘটনা বলে উত্তরটা বোধ হয় সবারই জানা। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে তামিম ইকবাল ও ইমরুল কায়েস দ্বিতীয় ইনিংসে ৩১২ রানের জুটি গড়ে পেছনে ফেলেছেন ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক ও অ্যান্ড্রু স্ট্রাউসকে। তামিম-ইমরুল ব্যাটিং করতে নেমেছিলেন প্রথম ইনিংসে ২৯৬ রানে পিছিয়ে থেকে। ২০০৪-০৫ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে ট্রেসকোথিক-স্ট্রাউসের ওপরও ছিল বিষম চাপ—দল পিছিয়ে ছিল ১৯৩ রানে। তামিম-ইমরুলের বীরত্বে খুলনা টেস্ট ড্র হয়েছে, ট্রেসকোথিক-স্ট্রাউস প্রায় জিতিয়েই দিয়েছিলেন ইংল্যান্ডকে। ৭ উইকেটে ৫৭০ রানে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করায় দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য ছিল ৩৭২। ম্যাচ যখন শেষ হলো, স্কোর ৮ উইকেটে ২৯০। বাঁহাতি ওপেনারদের সর্বোচ্চ জুটির রেকর্ডটি করেছেন তামিম-ইমরুল, তবে মাত্র ২০ রানের জন্য ছুঁতে পারেননি দুই বাঁহাতির গড়া সর্বোচ্চ জুটির রেকর্ডটিকে। সেটি ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (২১৩) ও জিমি অ্যাডামসের (৯৪) অধিকারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৭-০৮ সিরিজে কিংস্টনে পঞ্চম উইকেটে দুজনের জুটিটি ছিল ৩২২ রানের। রেকর্ড বইয়ে ঢুকলে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ওই ইনিংসে পঞ্চম উইকেটে দুটি জুটির দেখা মিলবে। প্রথমটি নাইটওয়াচম্যান হিসেবে নামা পেদ্রো কলিন্সের সঙ্গে ব্রায়ান লারার। ওই জুটিতে ২২ রান ওঠার পর কলিন্স চোট পেয়ে অবসর নিতে বাধ্য হলে লারার সঙ্গে যোগ দেন অ্যাডামস। টেস্ট ক্রিকেটে দুই বাঁহাতির তিন শ রানের জুটি আছে আর একটিই। ২০০৭-০৮ সিরিজে পাকিস্তানের বিপক্ষে বেঙ্গালুরুতে ভারতের সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিংয়ের ঠিক ৩০০ রানের জুটিটিও ছিল পঞ্চম উইকেটে।