বাঁ হাতিদের নতুন রেকর্ড বাংলাদেশ ক্রিকেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বাঁ হাতি তামিম ইকবাল আর ইমরুল কায়েসের ৩১২ রানের জুটি ভূমিকা রেখেছে বাংলাদেশি বাঁ হাতিদের এই রেকর্ডে ছবি: শামসুল হক
দুই বাঁ হাতি তামিম ইকবাল আর ইমরুল কায়েসের ৩১২ রানের জুটি ভূমিকা রেখেছে বাংলাদেশি বাঁ হাতিদের এই রেকর্ডে ছবি: শামসুল হক

খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৫৫৫ রান। রানের সংখ্যাটি যদি নিঃসন্দেহে আনন্দদায়ী। কিন্তু এই সংগ্রহে ভড়কে যাওয়ার মতো একটি ব্যাপার কী কারও চোখে পড়েছে? বাংলাদেশের ৫৫৫ রানের মধ্যে বাঁ হাতি ব্যাটসম্যানরাই করেছেন ৪৮৬ রান। তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, সৌম্য সরকার আর সাকিবদের ব্যাট থেকে আসা এই রান কিন্তু টেস্ট ক্রিকেটে এক অনন্য সংযোজনই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে বাঁ হাতি ব্যাটসম্যানরা সম্মিলিত উদ্যোগে যে আর কখনোই এর চেয়ে বেশি রান করতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্ট বাংলাদেশি ক্রিকেটারদের কল্যাণে রেকর্ড ভাঙা আর গড়ার অনন্য এক সাক্ষী হয়েই রইল।
তবে যেকোনো ইনিংসে বাঁ হাতি ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে। ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসেই ক্যারিবীয় বাঁ হাতিদের সম্মিলিত সংগ্রহ ছিল ৬১২ রান। এর মধ্যে রেকর্ডের বরপুত্র ব্রায়ান লারার একারই ছিল ৪০০ রান। এর পরের রেকর্ডটাও ওয়েস্ট ইন্ডিজেরই। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওই অ্যান্টিগাতেই প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বাঁ হাতি ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে তোলেন ৫৫৬ রান। মজার ব্যাপার হচ্ছে ওই ম্যাচেই লারা খেলেন ৩৭৫ রানের ঐতিহাসিক ইনিংসটি। এক ইনিংসে বাঁ হাতি ব্যাটসম্যানদের রানের দিক দিয়ে বাংলাদেশের আগে আরও ছয়টি ইনিংস থাকলেও ওগুলো সবই প্রথম ইনিংসের। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ৪৮৬ রানের ওপরে বাঁ হাতিদের আর কোনো অর্জন নেই।
দ্বিতীয় ইনিংসে বাঁ হাতি ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের রেকর্ডটি বাংলাদেশ ছিনিয়ে নিয়েছে জিম্বাবুয়ের কাছ থেকে। ২০০০ সালে ভারতের বিপক্ষে নাগপুরে জিম্বাবুইয়ানরা স্কোরবোর্ডে তুলেছিল ৫০৩ রান। এরমধ্যে বাঁ হাতি ব্যাটসম্যানরা করেছিলেন ৪০৯ রান। সে ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। সেঞ্চুরি করেছিলেন অ্যালিস্টার ক্যাম্পবেল। বাংলাদেশের মতোই সে ম্যাচে প্রথম ইনিংসের ঘাটতি পূরণ করে টেস্ট ড্র করেছিল জিম্বাবুয়ে।
খুলনায় তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ৩১২ রানের জুটিই মূলত এই রেকর্ডটি করতে বড় ভূমিকা রেখেছে। তামিমের ২০৬, ইমরুলের ১৫০. সাকিবের অপরাজিত ৭৬ রানের সঙ্গে সৌম্য সরকারের ৩৩ আর মুমিনুল হকের ২১ রানে টেস্ট ক্রিকেটের এই দুর্দান্ত রেকর্ডটির মালিক হয়ে গেছে বাংলাদেশ।