বাঁকবদলের পূর্বাভাস?

‘স্প্রিঙ্গার-নাচের অপেক্ষায় আছি’—কাল যুব বিশ্বকাপের ফাইনালে ভারত যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাঁপছে, টুইট করেছিলেন ড্যারেন স্যামি। ক্যারিবীয় তারকার অপেক্ষা বৃথা যায়নি। প্রথমবারের মতো যুব বিশ্বকাপ জিতে ক্যারিবীয়দের নাচের উপলক্ষই এনে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল।
বহুদিন পর এমন একটা বৈশ্বিক টুর্নামেন্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য চার বছর আগে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। তবে ওটা ছিল ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের আসর। ২০০৪ সালে চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছিল ক্যারিবীয়রা। কিন্তু আইসিসির এই টুর্নামেন্টটি সব দলের জন্য নয়। ৫০ ওভারের বিশ্বকাপ বলতে যেটা বোঝায়, সেটিতে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল সেই ১৯৭৯ সালে।
অনেক দিন পর বড় শিরোপা জিতল ওয়েস্ট ইন্ডিজ, আর সেটি যুবাদের হাত ধরেই। এমনিতে ক্যারিবীয় ক্রিকেটে এখন দুঃসংবাদের অন্ত নেই। মাঠের পারফরম্যান্সে তো বটেই, মাঠের বাইরেও। সেখানে শিমরন হেটমায়াররা বাংলাদেশের বিরুদ্ধ কন্ডিশনে এসে জিতলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা।
কুয়াশাভেজা উইকেটে টসে জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ, বোলিংয়ে এসেই তোপ দাগেন ক্যারিবীয় পেসাররা। আর তাতে নড়ে যায় ভারতের সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ! ৫০ রানেই তারা হারায় ৫ উইকেট। টস কি তবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল এই বিপর্যয়ে? ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড় অবশ্য তা মনে করেন না, ‘আমরা টস জিতলেও আগেই ব্যাটিং করতাম। বিশ্বাস ছিল, আগে ব্যাটিং করলে জেতার মতো রান করতে পারব। এই টুর্নামেন্টে সেটা আমরা করেও দেখিয়েছি। ২৩০-২৪০ করা মোটেও কঠিন ছিল না। সত্যি বলতে, এই উইকেট ৫০ রানেই ৫ উইকেট পড়ে যাওয়ার মতো নয়।’
ভারতের দেওয়া ১৪৬ রানের লক্ষ্যটাও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অনায়াসে টপকাতে পারেনি। তাদেরও ৭৭ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। ষষ্ঠ উইকেটে কিমো পল ও কিসি কার্টির অপরাজিত ৬৯ রানের পার্টনারশিপই ম্যাচ জয়ে রেখেছে বড় অবদান। টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের দুটি গুরুত্বপূর্ণ জয়ে জড়িয়ে থাকল পলের নাম। কালকের ৪০ রানের ইনিংসটা তো আছেই, গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ‘মানকাডেড’ আউটের ঘটনা ঘটিয়েছিলেন পলই। কাল বিজয়ের পরও পিছু ছাড়ল না প্রসঙ্গটি। এ ঘটনাই কি ক্যারিবীয় যুবাদের বাকি টুর্নামেন্টে তাতিয়ে দিয়েছে? উত্তরে অধিনায়ক হেটমায়ারকে খানিকটা বিব্রত দেখাল, ‘না, ঠিক তা নয়...হয়তো বা। আসলে এটা নিয়ে আমরা তেমন ভাবিনি।’
তর্ক-বিতর্ক যা-ই হোক, তাতে ক্যারিবীয়দের সাফল্য একটুও মলিন নয়। বাংলাদেশের মাটিতে এর আগে দুটি ফাইনাল হারের যন্ত্রণা নিয়ে ফিরতে হয়েছিল তাদের। একবার ফিরেছিল ‘বড়’রা, ১৯৯৮ ‘মিনি বিশ্বকাপে’। আরেকবার ‘ছোট’রা, ২০০৪ সালের যুব বিশ্বকাপে। সেই দুটি দলের উত্তরসূরিরা ফিরছেন শিরোপা জয়ের আনন্দ নিয়ে।
যুবাদের এই সাফল্য কতটুকু বদলে দেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে, উত্তর দেওয়াও কঠিনই হেটমায়ারের। তবে ক্যারিবীয় যুবদলের অধিনায়ক যথেষ্ট আশাবাদী, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বদল চাই। এখান থেকে হয়তো বদলে যাবে। কিছু তরুণ খেলোয়াড় আছে যারা পরের বিশ্বকাপ (যুব) খেলবে। আমাদের এই দলে স্প্রিঙ্গার-কেসির মতো যারা ভালো খেলেছে, তাদের খেলাগুলো হয়তো তারা দেখবে। স্প্রিঙ্গার-কেসি হয়তো ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ করে নেবে। তারা দলকে আরও ওপরে নিয়ে যাবে।’
ক্যারিবীয় যুবারা শুধু শিরোপাই জেতেননি, যেন পূর্বাভাস দিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বাঁকবদলেরও।
অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে দলগুলোর চূড়ান্ত অবস্থান
| চ্যাম্পিয়ন | রানার্সআপ | তৃতীয় | চতুর্থ |
| ওয়েস্ট ইন্ডিজ | ভারত | বাংলাদেশ | শ্রীলঙ্কা |
| ৫ পাকিস্তান | ৬ ইংল্যান্ড | ৭ নামিবিয়া | ৮ নেপাল |
| ৯ আফগানিস্তান | ১০ জিম্বাবুয়ে | ১১ দক্ষিণ আফ্রিকা | ১২ নিউজিল্যান্ড |
| ১৩ আয়ারল্যান্ড | ১৪ স্কটল্যান্ড | ১৫ কানাডা | ১৬ ফিজি |
টুর্নামেন্ট
সবচেয়ে বেশি রান
৪২০
জ্যাক বার্নহাম ইংল্যান্ড
সবচেয়ে বেশি উইকেট
১৫
ফ্রিটজ কোয়েটজি নামিবিয়া
বাংলাদেশ
সবচেয়ে বেশি রান
২৫৯
নাজমুল হোসেন
সবচেয়ে বেশি উইকেট
১৩
সাইফউদ্দিন
