বাঁচল কলাবাগানের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিককে ছাপিয়ে কাল আলো ছড়িয়েছেন তাসামুল। তাঁর সেঞ্চুরিতেই কাল কলাবাগান ক্রীড়াচক্র টপকে গেছে মোহামেডানের ২৯০ রান l প্রথম আলো
মুশফিককে ছাপিয়ে কাল আলো ছড়িয়েছেন তাসামুল। তাঁর সেঞ্চুরিতেই কাল কলাবাগান ক্রীড়াচক্র টপকে গেছে মোহামেডানের ২৯০ রান l প্রথম আলো

দশম ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেলেন হাসানুজ্জামান। আর প্রথম সুযোগেই বাজিমাত করলেন কলাবাগান ক্রীড়াচক্রের ব্যাটসম্যান। ৫৩ বলে ৯৫ রানের ঝোড়ো এক ইনিংস খেলে মোহামেডানের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে দলকে জয়ের ভিত্তি দিলেন। তাঁর গড়া ভিতের ওপর দাঁড়িয়ে প্রাসাদ গড়েছেন তাসামুল হক, পেয়েছেন লিস্ট ‘এ’ ম্যাচে প্রথম সেঞ্চুরি।
কাল ফতুল্লায় এ দুজনের ব্যাটিংয়ে ভর করেই মোহামেডানের ২৯০ রান ৪১ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে গেছে মাশরাফি বিন মুর্তজার দল। দশম ম্যাচে পাওয়া পঞ্চম এই জয়ে সুপার লিগে ওঠার স্বপ্নও বেঁচে রইল কলাবাগানের। অন্যদিকে ১০ ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া মোহামেডানকেও অপেক্ষা করতে হচ্ছে শেষ রাউন্ড পর্যন্ত।
২৯১ রানের লক্ষ্য। কলাবাগান প্রথম উইকেট হারায় ইনিংসের দ্বিতীয় বলে, স্কোর বোর্ডে কোনো রান ওঠার আগেই। তাসামুল-হাসানুজ্জামানের ১৪০ রানের জুটির পত্তনও হলো এতে। শুরুতে হাসানুজ্জামান-তাণ্ডবের দর্শকই ছিলেন তাসামুল। তিন বলের মধ্যে দুই ছক্কা, ইনিংসের চতুর্থ ওভারে মোহামেডান পেসার শুভাশিস রায়ের ওপর প্রথম চড়াও হলেন হাসানুজ্জামান। এরপর লং অন থেকে এক্সট্রা কাভার—এই অঞ্চল দিয়ে আর ছয়টি ছক্কা মেরেছেন। ২৫ বছর বয়সী ব্যাটসম্যান ফিফটি পেরিয়েছেন মাত্র ২৫ বল খেলেই। এরপর তো হুমকির মুখে ফেলেছিলেন মাশরাফির ৫০ বলের সেঞ্চুরির বাংলাদেশি রেকর্ডকেই।
১৪০ থেকে ১৬২, এই ২২ রানে ৩ উইকেট খোয়ালেও কলাবাগানকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তাসামুল। লং অন দিয়ে ছয় মেরে ম্যাচের ইতি টানা তাসামুলের ১২৯ বলের ১২৬ রানের ইনিংসে চার ৮টি, ছয় ২টি।
এর আগে মোহামেডানের ইনিংসটা বড় হয়েছে ভারতীয় ব্যাটসম্যান বিপুল শর্মার সেঞ্চুরি ও অধিনায়ক মুশফিকের ৭৫ রানে। বিপুল ৮৬ বলে ৬ চার ও ৮ ছয়ে করেছেন ঠিক ১০০। মুশফিক-বিপুল জুটি বেঁধেছিলেন ২১তম ওভারে ৬৯ রানে ৩ উইকেট পতনের পর। জুটি ভেঙেছে ১৭১ রান পরে।
কিন্তু শেষ পর্যন্ত ফতুল্লার ব্যাটিং উইকেটে ২৯০ রানও যথেষ্ট হয়নি মোহামেডানের জন্য।

সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান-কলাবাগান ক্রীড়াচক্র, ফতুল্লা
মোহামেডান: ৫০ ওভারে ২৯০/৬ (বিপুল ১০০, মুশফিক ৭৫, এজাজ ৩২, আরিফুল ২১, নাঈম ২০; সাব্বির ৩/৭৭, তানভীর ১/২৩, শাহবাজ ১/৪৮, রাজ্জাক ১/৫৬)। কলাবাগান ক্রীড়াচক্র: ৪৩.১ ওভারে ২৯১/৪ (তাসামুল ১২৬*, হাসানুজ্জামান ৯৫, তানভীর ৫২*; নাঈম ২/৩৫, নাজমুল ১/৩১, নাঈম জু. ১/৬৮)।
ফল: কলাবাগান ক্রীড়াচক্র ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: তাসামুল হক।

ভিক্টোরিয়া-ব্রাদার্স, মিরপুর
ভিক্টোরিয়া: ৫০ ওভারে ৩০২/৯ (মজিদ ১১৮, ফজলে ৭১, আল আমিন ৩৩; নাবিল ৪/৫০, ইফতেখার ২/৪৫, আসিফ ২/৬৬)। ব্রাদার্স: ৪৫.৩ ওভারে ১৯০ (তুষার ৯৩; মাহবুবুল ৩/৩৩, কামরুল ২/২৫, আল আমিন ২/৩৪)। ফল: ভিক্টোরিয়া ১১২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: আবদুল মজিদ।

শেখ জামাল–রূপগঞ্জ, বিকেএসপি
শেখ জামাল: ৪৫ ওভারে ১৮৪ (নাজমুস ৪১, মাহমুদউল্লাহ ৩৫, সোহাগ গাজী ৩১; তাইজুল ৩/২৯, মুরাদ ৩/৪৮, আলাউদ্দিন ২/১৪)। রূপগঞ্জ: ৩২.৫ ওভারে ১৮৫/৩ (নাহিদ ৯২, জুনায়েদ ৫৩, সৌম্য ২৯; রানা ১/২৪, রহমান ১/১৭, মাহমুদউল্লাহ ১/৪৬)।
ফল: রূপগঞ্জ ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাহিদুল ইসলাম।