বাঁচামরার ম্যাচ জিতে ভারতের সামনে বাংলাদেশের যুবারা

আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররাছবি: আইসিসির টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষ খুব বেশি কঠিন ছিল, তা বলা যাবে না। কিন্তু পরিস্থিতি ছিল একটু জটিল—হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে। বাঁচামরার এ লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে সহজেই হারিয়েছে বাংলাদেশের যুবারা। রকিবুল হাসানের দল এই জয়ে উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। কিন্তু গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে ওঠায় সেখানে কঠিন প্রতিপক্ষকেই পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারত।

বাঁচামরার লড়াইয়ে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক রকিবুল। তাঁর সিদ্ধান্ত যে ঠিক ছিল, সেটা প্রমাণ করে আরব আমিরাতকে ৪৮.১ ওভারে ১৪৮ রানে অলআউট করে দেন বাংলাদেশের বোলাররা। ব্যাট হাতেও দুর্দান্ত ছিল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৯ উইকেটে জিতেছেন রকিবুলরা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বেশ সতর্ক ছিলেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন। প্রথম ৪ ওভারে মাত্র ৮ রান তোলেন তাঁরা। পঞ্চম ওভারের শেষ তিন বলে টানা তিনটি চার মেরে মফিজুল রান রেটটা একটু বাড়িয়ে আবার দেখেশুনে খেলতে শুরু করেন। উদ্বোধনী জুটি ভাঙে ২২তম ওভারে, ৭০ বলে ৩৭ রান করে ইফতেখার বোল্ড হয়ে ফিরলে।

ইফতেখারের আউটের পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। আবার যখন খেলা মাঠে গড়ায়, বাংলাদেশের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রান। এ লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ২৫তম ওভারের পঞ্চম বলে চার মেরে খেলা শেষ করেন মফিজুল। দলকে জিতিয়ে তিনি মাঠ ছেড়েছেন ৬৯ বলে ৬৭ রানে অপরাজিত থেকে।

এর আগে আরব আমিরাতকে অল্প রানে অলআউট করতে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। প্রায় সবাই আঁটসাঁট বোলিং করছেন। তবে সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিংটা করেছেন আশিকুর জামান। ৮ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। আশিকুরের প্রথম স্পেলটা এক কথায় ছিল অসাধারণ! ৬ ওভারের সেই স্পেলে মাত্র ৬ রান দিয়েছেন তিনি, নিয়েছেন ২টি মেডেন। উইকেট ২টিও এই স্পেলেই।

তবে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিপন মণ্ডল। ৯.১ ওভারে তিনি রান দিয়েছেন ৩১। ১০ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তানজীম হাসান সাকিব। একটি করে উইকেট নিয়েছেন রকিবুল ও আরিফুল। ম্যাচসেরা হয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান মফিজুল।

শেষ আটে বাংলাদেশ ও ভারতের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এই রাউন্ডে ইংল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফগানিস্তান আর অন্য ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও অস্ট্রেলিয়া।