বাংলাওয়াশে তোলপাড় পাকিস্তানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ রকম সাধারণত আগে বাংলাদেশে হতো। একটা সিরিজ হারের পর সমালোচনা, অভিযোগ-পাল্টা অভিযোগের তির, একে অন্যকে কাঠগড়ায় দাঁড় করানো—সব মিলিয়ে পুরো দেশে তোলপাড়। জয় কত সহজেই দৃশ্যপট পাল্টে দেয়! পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশে যখন উৎসবের আমেজ, একেবারে উল্টো ছবি পাকিস্তানে। সাবেক ক্রিকেটাররা অভিযোগ-পাল্টা অভিযোগের তির ছুড়েছেন একে অন্যের দিকে, কেউ কাঠগড়ায় তুলছেন খেলোয়াড়দের, কেউ বেশি দায় দেখছেন ক্রিকেট বোর্ডের।
টানা তিন ম্যাচে বাংলাদেশের কাছে একতরফাভাবে হারতে দেখে প্রায় শোকস্তব্ধ ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়ক ইমরান খান। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এই কিংবদন্তি ধুয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্মকর্তাদের, ‘স্বজনপ্রীতির মাধ্যমে যাঁরা ক্রিকেট বোর্ডে এসেছেন, যাঁদের মেধা নেই, তাঁরা যত দিন বোর্ডে থাকবেন, তত দিন পাকিস্তানের ক্রিকেটের উন্নতি হবে না। দুঃখজনক হলো, আমাদের ক্রিকেট বোর্ডে যাঁরা আছেন তাঁদের ক্রিকেট-জ্ঞানই নেই।’
পিসিবির কর্তাব্যক্তিদের ‘নির্বুদ্ধিতা’র কিছু উদাহরণও দিয়েছেন ইমরান, ‘এ মুহূর্তে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান মিসবাহ-উল-হক, অথচ তাকে দলে সুযোগ দেওয়া হয়েছে ৩৪ বছর বয়সে। মোহাম্মদ ইরফানের মতো পেসারকে নেওয়া হয়েছে ৩০ বছর বয়সে। এই বয়সে তো খেলোয়াড়েরা অবসরে যাওয়ার কথা ভাবে। এতেই বোঝা যায়, পাকিস্তানের ক্রিকেট-কাঠামো কত দুর্বল হয়ে গেছে। প্রতিভাকে সঠিক সময়ে বেছে নেওয়া হচ্ছে না।’
খেলোয়াড়দের চেয়ে কর্মকর্তাদের বেশি দায় দেখছেন আরেক সাবেক পাকিস্তান অধিনায়ক ও পিসিবির সাবেক প্রধান নির্বাহী রমিজ রাজাও, ‘বাংলাদেশকে ওদের মাটিতে হারানো সহজ হবে না, এটা জানার পর আমাদের উচিত ছিল এই সিরিজ নিয়ে একটা পরিকল্পনা করে রাখা। কিন্তু দেখে মনে হচ্ছে না কোনো পরিকল্পনা ছিল। একের পর খেলোয়াড়দের চোট পাওয়া, নতুন নতুন খেলোয়াড়দের দলে ডাকা এবং বদলে যাওয়া অ্যাকশনের সাঈদ আজমলকে নেওয়া—সব মিলিয়ে অবস্থা আরও খারাপ করে দিয়েছে।’ দ্য ডন, ক্রিকইনফো।