বাংলাওয়াশের প্রতীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন বাংলাদেশের জয়রথকে টেনে নিচ্ছেন সামনে থেকে, আরেকজন পেছন থেকে দেখিয়ে দিচ্ছেন সেই যাত্রাপথ। শেষ ওয়ানডের অনুশীলনে এক ফ্রেমে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কাল মিরপুর স্টেডিয়ামে l ছবি: শামসুল হক
একজন বাংলাদেশের জয়রথকে টেনে নিচ্ছেন সামনে থেকে, আরেকজন পেছন থেকে দেখিয়ে দিচ্ছেন সেই যাত্রাপথ। শেষ ওয়ানডের অনুশীলনে এক ফ্রেমে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কাল মিরপুর স্টেডিয়ামে l ছবি: শামসুল হক

বাংলাদেশের কোনো ক্রিকেট ম্যাচ বা সিরিজ জয়ের আগে আকাশে-বাতাসে, চারপাশে কেমন একটা গুঞ্জরন শুরু হয়ে যায়। সেটি প্রথম অনূদিত হয় ক্রিকেটারদের মনে। ক্রমে টিম ম্যানেজমেন্টের ভাবনায়। ক্রিকেট বোর্ডের অন্তঃপুরে। সমর্থকদের চার দেয়ালে। শেষ পর্যন্ত যেন সারা দেশের ক্রিকেট জনতার আকাঙ্ক্ষায়। নিজেদের আঙিনায় এবার পাকিস্তানকে পেয়ে এই গুঞ্জরন যেমন বাস্তব। সেদিন পর্যন্তও প্রমত্ত বলে স্বীকৃত এই দলটিকে ৫৮০০ দিন পর দ্বিতীয় বার হারিয়ে পাওয়া গেল ফেরারি এক জয়ের স্বাদ। এক দিন পরই তৃতীয় বার চুরমার করে গৌরবময় সিরিজ জয়। আজ তৃতীয় ও শেষ ম্যাচে তো তাহলে আকাঙ্ক্ষাকে ছুঁতেই হয় শীর্ষ বিন্দু— ৩-০ জয়। মানে হোয়াইটওয়াশ, ধবলধোলাই বা বাংলাওয়াশ।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সর্বোত্তম ফলের সম্ভাবনাকে যে নামে ডাকুন আর যেভাবে ভাবুন, কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়ে মনে হলো সবার মধ্যে, সবকিছুতে এটিরই যেন অপেক্ষা। থুক্কু, একটু ভুল হলো, পাকিস্তান দলটির অপেক্ষা উল্টোমুখে। একদা যে দলটিকে তারা ‘চোখ বুজে’ হারাত, একদা যাদের গায়ে লেপে দিয়েছিল বারোমেসে খুদে দলের তকমা, সেই বাংলাদেশের কাছে সবগুলো ম্যাচেই হারের লজ্জা এড়াতে তারা মরিয়া। বেলা সাড়ে ১১টায় ইনডোরের নেটে এলেন পাকিস্তানি খেলোয়াড়েরা। সঙ্গে সদ্য ওয়ানডে থেকে অবসরে যাওয়া এক ‘সুপারহিরো’—পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটির জন্য তাঁরও অনুশীলন প্রয়োজন। কিন্তু তিনি তো দেখি ‘ছোট ভাই’দের তত্ত্বাবধায়ক! ব্যাটিংয়ের টোটকা দিলেন হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, সাদ নাসিমদের। সিরিজ হারে লজ্জাবনত দলের হোয়াইটওয়াশ হওয়ার যন্ত্রণা যে সইতে পারবেন না! বোশেখের দগ্ধ দুপুরে স্টেডিয়ামের মধ্যিখানে প্রধান কোচ ওয়াকার ইউনিস ফিল্ডিং প্র্যাকটিস করাতে গিয়ে ঘেমে-নেয়ে একাকার। শেষে শার্ট খুলে কাজ করে গেলেন আদুল গায়েই। দলে নতুন যোগ দেওয়া ফাস্ট বোলার উমর গুলকেও একটু ঝালিয়ে নিলেন বোলিংয়ে। এই পাকিস্তান আসলেই যন্ত্রণাদগ্ধ! অনুশীলন শেষে মাঠের মধ্যেই সংবাদমাধ্যমের কাছে সেই যন্ত্রণাটা স্পষ্ট করলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, ‘প্রথম দুই ম্যাচেই হার আমাদের জন্য কিছুটা যন্ত্রণাদায়ক তো বটেই। তবে খেলায় এ রকম হতেই পারে।’ হ্যাঁ, ক্রিকেটে এ রকম হতেই পারে। তাই বলে এতটা? প্রথম ম্যাচে ৭৯ রানে হার, দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে, সেটিও ৭১ বল বাকি থাকতে। পাকিস্তানি ক্রিকেটের সোনালি অধ্যায়ে ওয়াকারের পাশে ছোট হরফে হলেও মুশতাকের নামটিও লেখা। সেই তিনিই কিনা মেনে নিলেন শেষ ম্যাচ জিতে সামান্য সম্মান পুনরুদ্ধারের কাজটিও সহজ হবে না, ‘বাংলাদেশ অবশ্যই অনেক বদলে গেছে। শুধু আমিই নই, আমরা সবাই বাংলাদেশ দলকে কৃতিত্ব দিতে চাই। আমরা জানি, এখানে তারা নিউজিল্যান্ডকেও ৪-১-এ হারিয়েছে।’ ‘৪-১ নয়, ৪-০’—উচ্চ রবে এই সংশোধনীটা শুনে মুশতাকের মুখে ঘনাল আরেকটু হতাশা। তবে কণ্ঠে বাজল ঘুরে দাঁড়ানোর আশাই, ‘আমাদের ব্যাটসম্যান এবং বোলাররা খুবই ইতিবাচক। তারা সেরাটা দিতে তৈরি। আশা করছি, কাল (আজ) আমরা ফলটা বদলাতে পারব।’
কিন্তু বাংলাদেশ দল যে চায় ফলটা অপরিবর্তিত থাক! মুখে ৩-০ বা হোয়াইটওয়াশের অহংকারী উচ্চারণ নেই। তবে ড্রেসিংরুমে জয়টাই যে উড়ে বেড়াচ্ছে, সেটিরই ইঙ্গিত দিলেন কোচিং স্টাফের একজন। না, কোচ চন্ডিকা হাথুরুসিংহে নন, ইনি স্পিন বোলিংয়ের দায়িত্বে থাকা সহকারী কোচ রুয়ান কালপাগে। শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার জন্য দলে কোনো পরিবর্তন হবে কি না, জানতে চাইলে কালপাগে রে-রে করে উঠলেন, ‘এটি পরীক্ষা-নিরীক্ষার সময় নয়। আমরা জয়ের সঙ্গে সব সময় র্যাঙ্কিংয়ের কথা ভেবেও খেলতে নামছি। কালকের (আজ) ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। কারণ, এখন আমরা র্যাঙ্কিং বাড়ানোর জন্য প্রতিটি ম্যাচই জিততে চাই।’ বাংলাদেশের দাপুটে দুটি জয়ের মধ্যে একটু দুর্বলতাও কি নেই? এমন প্রশ্নে সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ক্রিকেট মাঠের শাসক সমাজের প্রতিনিধি, ‘আমাদের এখন কোনো দুর্বলতা খুঁজে দেখার দরকার নেই। এই কাজটা পাকিস্তানই করুক।’
কী বোঝা গেল? কদিন আগেরই দোর্দণ্ড প্রতাপ পাকিস্তান মাঠের ক্রিকেটে এখন বাংলাদেশের কাছে অসহায়। তারা নামছে চূড়ান্ত লজ্জা এড়াতে, আর বাংলাদেশ চাইছে ওদেরই আরও লজ্জা দিয়ে রেটিং পয়েন্ট বাড়াতে। সত্যিই, অনেক বদলে গেছে সময়। বেদুইন ‘বুড়ো’ সময়ের ক্যারাভান বাংলাদেশে আর থামার নয়।
কাল দুপুরে মাশরাফি, মুশফিক, তামিম, সাকিবরা যখন অনুশীলনে নেমে পড়লেন শেরেবাংলায়, তাঁদেরই একজন ড্রেসিংরুম থেকে বেরিয়ে রওনা দিলেন হোটেলের দিকে। আরাফাত সানি। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এই সিরিজ জয়ের অন্যতম সেনানী অনুশীলন করেননি। অনুশীলনে নেই বলে দলের প্রত্যয়ী ভাবটা জানিয়ে দিতে তো সমস্যা নেই। আরাফাতের মুখেই জানতে পারেন দলের মধ্যে আত্মবিশ্বাসের পারদ কতটা টগবগে, ‘আমরা শুধু জানি, মাঠে গিয়ে আমাদের খেলাটা খেলতে হবে। ঠিকঠাকমতো আমাদের খেলাটা খেলতে পারলেই জানি আমরা জিতব। জিতলেই ৩-০।’
এই আত্মবিশ্বাসই এখন বাংলাদেশ দলকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ খেলোয়াড়দের ভেতরটাকে চিনিয়ে দিয়েছে আদ্যন্ত। সুতরাং যতই আজ ‘অনভিজ্ঞ’ পাকিস্তান দলে উমর গুল নামের আরেক শত ম্যাচ খেলা ক্রিকেটার খেলতে নামুন, যতই বোলিং করার অনুমতি পান মোহাম্মদ হাফিজ, বাংলাদেশ আজ ৩-০ করে ফেলতেই পারে। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার প্রান্তে পৌঁছে বাংলাদেশ এর আগে কখনো ব্যর্থ হয়নি! মিরপুর শেরেবাংলায় আজই তাহলে মাশরাফিদের উৎসবের রাত, উদ্যাপনের রাত!