বাংলাদেশ-বাংলাওয়াশের মাঝখানে 'চ্যালেঞ্জ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিংয়ে লড়াইটা প্রথম দুই ম্যাচের মতো হলো না। এবার দায়িত্ব ব্যাটসম্যানদের। ছবি: শামসুল হক
বোলিংয়ে লড়াইটা প্রথম দুই ম্যাচের মতো হলো না। এবার দায়িত্ব ব্যাটসম্যানদের। ছবি: শামসুল হক

‘বাংলাওয়াশ’ নিশ্চিত হওয়ার ম্যাচে বাংলাদেশকে বিরাট এক চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে ভারত। ভারতের বিপক্ষে এই অসাধারণ কীর্তি গড়তে বাংলাদেশকে উতরাতে বড় রানের বাধা।
তামিম-সাকিবদের সামনে লক্ষ্যমাত্রা ৩১৮ রানের। টসে হেরেও ব্যাট করতে পারার সুযোগটা যে ভারত কাজে লাগিয়েছে দুর্দান্তভাবেই। শিখর ধাওয়ান আর মহেন্দ্র সিং ধোনির দুটো ফিফটি আর বাকি ব্যাটসম্যানদের সম্মিলিত অবদানে সিরিজে এই প্রথমবারের মতো হাসি ফুটতেই পারে ভারতীয় শিবিরে।
শিখর ধাওয়ান করেছেন ৭৫, মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে এসেছে ৬৯। এই দুটো ইনিংসের সঙ্গে আম্বাতি রায়ডুর ৪৪ আর শেষ দিকে সুরেশ রায়নার দ্রুতগতির ৩৮ আজ ভারতীয় ব্যাটিংয়ের হাইলাইটস হলেও শেষ দিকে স্টুয়ার্ট বিনির ১৭ আর অক্ষর প্যাটেলের ১০ রানে তিনশ ছাড়ায় ভারতের ইনিংস।
বাংলাদেশের পক্ষে আজ সেরা বোলার ছিলেন সাকিব আল হাসান। ৯ ওভার বল করে ৩৩ রান দিয়ে তাঁর সংগ্রহ ১ উইকেট। মুস্তাফিজও ছিলেন সফল। আজ দুটি উইকেট তুলে নিয়ে তিনি এক নতুন রেকর্ড গড়েছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব এখন এই মুস্তাফিজেরই।
সাকিব আর মুস্তাফিজ ছাড়া বাংলাদেশের কোনে বোলারকেই আজ সমীহ দেখায়নি ভারতীয়রা। রুবেল, আরাফাত সানি, মাশরাফি—সবাই ছিলেন খরচে। মাশরাফি অবশ্য তাঁর ঝুলিতে ৩টি উইকেট নিতে পেরেছেন। নাসির হোসেন অবশ্য ৬ ওভার বল করে খুব একটা খারাপ করেননি। কিন্তু তিনি কেন তাঁর কোটা পূর্ণ করলেন না, সেটা একটা প্রশ্ন।
৩১৮ রানের লক্ষ্য তাড়া করে সাম্প্রতিক অতীতেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপে নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডের এই সংগ্রহ বাংলাদেশ পেরিয়ে গিয়েছিল অবলীলায়। কিন্তু প্রতিপক্ষের পার্থক্যটা ঢাকার মিরপুরে অবশ্যই মাথায় রাখতে হচ্ছেই। ভারতের বিপক্ষে মিরপুরে নেলসনকে ফিরিয়ে আনতে পারলে আজ রাতটা উৎসবেরই হবে বাংলাদেশের মানুষের।
এমন কিছু করার সামর্থ্যের প্রমাণ তামিম-সাকিব-মুশফিকরা রেখেছেন বেশ অনেকবারই!