বাংলাদেশ অলআউট হবে, আশাবাদী পূজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল প্রথম দুই সেশনের মধ্যেই জয় দেখছেন পূজারা। ছবি: এএফপি
কাল প্রথম দুই সেশনের মধ্যেই জয় দেখছেন পূজারা। ছবি: এএফপি

মাত্রই তো তিনটি সেশন! পার করে দিতে পারলেই ড্র। বাংলাদেশ পারবে? প্রথম ইনিংসে বাংলাদেশ শুধু ৩৮৮ রান তোলেনি, প্রায় ১২৮ ওভার ব্যাটিংও করেছে। বাংলাদেশ আশা নিয়ে কাল ব্যাটিংয়ে নামতেই পারে। কিন্তু চেতেশ্বর পূজারা মনে করিয়ে দিচ্ছেন, প্রথম ইনিংসের উইকেট আর এখনকার উইকেটের অনেক পার্থক্য।
চতুর্থ দিনের শেষ থেকেই উইকেটের ক্ষত কাজে লাগাতে শুরু করেছেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা। আগামীকাল আরও বেশি সাহায্য পাবেন এই দুজন। তেমনটাই মনে করেন পূজারা, ‘বল এখন ঘুরতে শুরু করেছে। দেরিতে হলেও স্পিনারদের জন্য উইকেট খুলতে শুরু করেছে। আগামীকাল স্পিনাররা আরও বেশি সাহায্য পাবেন। আমরা ভেবেছিলাম, তৃতীয় দিন থেকেই বল ঘুরবে। তৃতীয় দিনের তুলনায় চতুর্থ দিনে বেশি ঘুরছে বল।’
এ কারণেই আশাবাদী পূজারা, ‘আমরা আশাবাদী, যত দ্রুত সম্ভব ওদের বাকি সাত উইকেট তুলে নিতে পারব। ওরা প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছে, কিন্তু তখন আমাদের বোলারদের জন্য পরিস্থিতি কঠিন ছিল। আমি তাই আমাদের বোলারদের সমালোচনা করব না। আমরা আশাবাদী, দু-এক সেশনের মধ্যেই ওদের সাত উইকেট তুলে নিতে পারব।’
প্রথম ইনিংসে ২ উইকেট পেতে অশ্বিনকে যে প্রায় ১০০ রান দিতে হলো, সেই প্রসঙ্গও উঠেছে সংবাদ সম্মেলনে। তবে পূজারা ব্যাখ্যা করলেন, ‘অশ্বিন ভালো করেই বোঝে, কখনো কখনো বোলারদের খুব ঠাসা বোলিং করতে হয়। প্রথম ইনিংসে ও নিজের সেরাটাই দিয়েছে। ও পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। কখনো কখনো এমন সময় আসবে, যখন আপনি উইকেট পাবেন না। ভারতীয় দলের সবচেয়ে ভালো দিক হলো আমরা পুরো দল হিসেবে বোলিং করি, জুটি বেঁধে। কখনো অশ্বিন উইকেট নেয়, ব্যাটসম্যানদের বেঁধে রাখার দায়িত্ব নেয় জাদেজা। আবার কখনো অশ্বিন ঠেসে ধরার কাজটা করে। প্রথম ইনিংসে সে ওটাই করেছে।’ সূত্র: পিটিআই।