বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে বৃষ্টির আনাগোনা
চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহে, বিশেষ করে শেষ তিন দিন ঢাকাসহ সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ক্রিকেটপ্রেমীদের কাছে এই পূর্বাভাসটা হতাশার। ১১ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল। কিন্তু আগামীকাল রোববার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচের আনন্দটাই মাটি করে দেওয়ার আশঙ্কা জাগিয়েছে বৃষ্টির এই পূর্বাভাস। ম্যাচ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। পূর্বাভাস বলছে, ২৭ আগস্ট বিকেলের দিকে, ২৮ আগস্ট কিছুটা কম এবং ২৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দিনের বিভিন্ন সময়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ু কম সক্রিয় থাকলেও দেশজুড়ে এখন মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তবে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির মাত্রা তুলনামূলক বেশি। গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায়ও ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে আগামী দুই দিন এমন বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি আরও বেশি হতে পারে কি না, জানতে চাইলে শাহীনুল ইসলাম বলেন, মৌসুমি বায়ু আরও সক্রিয় হতে পারে। এ কারণে ২৯ বা ৩০ আগস্ট থেকে সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর তাতে ঈদুল আজহার দুই দিন পর ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টকেও ঘিরে ধরছে শঙ্কা।
আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
বাংলাদেশ ছাড়াও ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামীকাল ২৭ আগস্ট দেশটির পশ্চিমবঙ্গ, ওডিশা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পরদিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে। তবে ২৯ আগস্ট থেকে বৃষ্টি আবারও বাড়তে পারে।