বাংলাদেশ আমার 'দেশের বাইরে দেশ', বললেন আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ লালবাগে শহীদ আফ্রিদি। ছবি: প্রথম আলো
আজ লালবাগে শহীদ আফ্রিদি। ছবি: প্রথম আলো

অগ্রহায়ণে ঝিরিঝিরি বৃষ্টি। অসময়ের এই বৃষ্টি অবশ্য বাধা হয়ে দাঁড়ায়নি ঢাকা ডায়নামাইটসের ঘোরাঘুরিতে। একদিনের বিরতিটা কাজে লাগাতে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা আজ গিয়েছিল লালবাগ কেল্লায়। কুমার সাঙ্গাকারা, সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, সুনীল নারাইন...মেঘলা দুপুরে পুরান ঢাকার ঐতিহাসিক স্থানটি হঠাৎ আলোকিত হলো একঝাঁক তারার উপস্থিতিতে!
ঢাকা অবশ্য আগেই জানিয়েছিল, লালবাগ কেল্লায় খেলোয়াড়েরা মেতে উঠবেন ‘গলির ক্রিকেটে’! ঘোষণা অনুযায়ী আজ দুপুরে সেখানে হাজির পুরো দল। শুধু মাঠে নয়, গলিতেও সাকিব-আফ্রিদিরা যে ঝড় তুলতে পারেন, সেটি দেখালেন তাঁরা।
আন্তর্জাতিক ক্যারিয়ারে কিংবা ঘরোয়া ক্রিকেট খেলতে আফ্রিদি অসংখ্যবার বাংলাদেশে এসেছেন, যোগ হয়েছে তাঁর বহু স্মৃতি। জাতীয় দল থেকে অবসরের পর আফ্রিদির সময় কাটছে টি-টোয়েন্টি খেলে। সেটির ধারাবাহিকতায় বিপিএল খেলতে আবারও পাকিস্তানের সাবেক অধিনায়ক বাংলাদেশে। বাংলাদেশের প্রতি তাঁর ভালো লাগার যেন শেষ নেই, ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই উপভোগ করি। এটা আমার দেশের বাইরে দেশ। এখানে সম্মান পাই, মানুষের ভালোবাসা পাই। এ কারণে এখানে খেলতে ভালোবাসি, প্রতিবছর আসি।’
লালবাগে অসাধারণ এক দুপুর, চমৎকার কিছু সময় কাটিয়ে আফ্রিদি ভীষণ খুশি, ‘ভালো একটা জায়গা, এটির ঐতিহাসিক তাৎপর্য আছে। ঢাকা শহর ঘুরে দেখা শুধু আমার জন্য নয়, পুরো দলের জন্য ভালো হয়েছে।’