বাংলাদেশ এখন বাইরে যে কাউকে হারানোর বিশ্বাস রাখে
ইয়াসির আলীর জীবন পাল্টে গেছে গত নভেম্বর থেকে। পাল্টে যাওয়ার ইঙ্গিতটা ছিল অবশ্য তার আগে থেকেই। জাতীয় দলের আশপাশেই ছিলেন। কিংবা সিরিজের দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে টেস্ট অভিষেকের পর চলতি বছর ফেব্রুয়ারি ও মার্চে বাকি দুই আন্তর্জাতিক সংস্করণেও অভিষেক হয় তাঁর। এরই মধ্যে ৩টি টেস্ট, ৪টি ওয়ানডে, ১টি টি-টোয়েন্টি খেলা হয়ে গেছে ইয়াসিরের।
দক্ষিণ আফ্রিকার মাটিতে কাল খেলা ৪৪ বলে ৫০ রানের ইনিংসটাই ইয়াসিরের এখন পর্যন্ত ছোট্ট ক্যারিয়ারের সেরা। গত নভেম্বর থেকে এ পর্যন্ত সময়কে ‘শিক্ষা’ হিসেবেই দেখছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ৩৮ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছেন ইয়াসির। গত পাঁচ মাস নিয়ে ইয়াসিরের উপলব্ধি, ‘অনেক দিন ধরেই (দলের আশপাশে) ছিলাম। এটা আমার জন্য শিক্ষা ছিল। অনেক কিছুই বুঝতে পেরেছি, জাতীয় দলের পরিবেশটা কেমন থাকে, কীভাবে মাঠে খেলতে হয়। আমি বলব, এটা আমার জন্য বিপরীতে হিত হয়েছে।’
মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারানোর পর থেকে পুরো বাংলাদেশ দলই বিশ্বাস করেছে, বাইরে যেকোনো দলকে হারাতে পারব
সেঞ্চুরিয়নে আগে ব্যাট করা বাংলাদেশ ২৮.২ ওভারে মুশফিকুর রহিমকে হারানোর পরপর নামেন ইয়াসির। বাংলাদেশের স্কোর তখন ৩ উইকেটে ১২৪। অন্য প্রান্তে ২৫ বলে ১৪ রান করা সাকিব আল হাসান।
আফগানিস্তান সিরিজে রানখরায় থাকা ইয়াসির গিয়ে সাকিবের কাছে জানতে চান ‘উইকেট কেমন?’ অভিজ্ঞ সাকিব তাঁকে আশ্বস্ত করেন, ‘উইকেট খুব ভালো। ৫ থেকে ১০টা বল খেলতে পারলে তুমি নিজেই বুঝতে পারবে উইকেট কতটা ভালো। তুমি নিজেই মারতে পারবে।’
ঘটেছেও ঠিক তা-ই। শুরুর দিকে লুঙ্গি এনগিডির বাউন্সারে ভুগেছেন ইয়াসির। কিন্তু উইকেটে দ্রুত মানিয়ে নেওয়ার পর তাঁর সামনে ভুগেছেন প্রোটিয়া বোলাররা। বাউন্সার পেলে আর ছাড়েননি ইয়াসির। পুল করেছেন, ফ্লিক করেছেন, ব্যাকফুট ড্রাইভে কাভার দিয়েও চার মেরেছেন।
ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দল আগে যা করেনি, এবার তা করতে চান—কাল সংবাদ সম্মেলনে তাই প্রশ্ন ওঠে, জয়টা কি প্রত্যাশিতই ছিল?
ইয়াসিরের উত্তর, ‘হ্যাঁ। আমি ব্যক্তিগতভাবে মনে করি, মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারানোর পর থেকে পুরো বাংলাদেশ দলই বিশ্বাস করেছে, বাইরে যেকোনো দলকে হারাতে পারব।’
ইয়াসির শুধু ব্যাটে নয়, ফিল্ডিংয়েও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ায় দারুণ অবদান রাখেন। দক্ষিণ আফ্রিকা ৭৮ বলে ১২৪ রানের দূরত্বে থাকার সময়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে রাসি ফন ডার ডুসেনের অসাধারণ ক্যাচ নেন ইয়াসির।
৮৬ রানে ব্যাট করা ডুসেন আরও কিছুক্ষণ উইকেটে থাকলে হয়তো বিপদ হতো বাংলাদেশের। ডাইভ দিয়ে নেওয়া সেই ক্যাচের পর সতীর্থরা কী বলেছেন, জানতে চাওয়া হলে ইয়াসিরের জবাব, ‘ওদের জন্য চাপটা বেশি ছিল। রানরেট বাড়ছিল। তখনই ভাবছিলাম এই জুটি ভাঙার জন্য বিশেষ কিছু করতে হবে। যদি আমার কাছে তেমন কোনো সুযোগ আসে, তাহলে সেটা কাজে লাগাব।’
তাসকিন আহমেদের বলে ডুসেন স্কয়ার লেগে তুলে মারলে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি নেন ইয়াসির। গত দুই বছরে তাসকিনের উন্নতি নিয়েও কথা বলেন ইয়াসির, ‘কোভিডের পর থেকেই কিন্তু সে নিজেকে পাল্টে ফেলেছে। সে কিন্তু এখন খুব ভালো বল করেছে। এই জয়ের পেছনে বোলারদের বড় অবদান, তাসকিনেরও বিশেষ অবদান আছে। একটা ওভারেই ব্যাক টু ব্যাক উইকেট, এটা ওদের জন্য বড় ধাক্কা ছিল।’