বাংলাদেশ এবার উইন্ডিজে যাবে এগিয়ে থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ওয়েস্ট ইন্ডিজে ভালো কিছু করতে চায় বাংলাদেশ। ফাইল ছবি
এবার ওয়েস্ট ইন্ডিজে ভালো কিছু করতে চায় বাংলাদেশ। ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের সোনালি যুগের অবসান হয়েছে কবেই। তবুও বাংলাদেশ যে তিনবার পূর্ণাঙ্গ সফরে গেছে উইন্ডিজে, টেস্টে প্রতিবার ক্যারিবীয়দের সঙ্গে লড়াই করেছে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা এক দল হিসেবে। কিন্তু এবার?

এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে র‌্যাঙ্কিংয়ে স্বাগতিকদের চেয়েও এগিয়ে থেকে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ক্যারিবীয়দের পেছনে ঠেলেছে অনেক আগেই। কদিন আগে টেস্টেও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাকিবদের অবস্থান এখন আটে, ওয়েস্ট ইন্ডিজ আছে নয়ে।
র‌্যাঙ্কিংয়ের উন্নতি স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী করছে বাংলাদেশের খেলোয়াড়দের। সতীর্থদের মতো রুবেল হোসেনও আত্মবিশ্বাসী।

তিনি মনে করেন এই এগিয়ে যাওয়াটা জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলতে সহায়তা করবে। বাংলাদেশ দলের এ পেসার আজ সংবাদমাধ্যমকে বলেন, ‘টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উঠে গেছি, এটা বাংলাদেশের অনেক বড় অর্জন। এখন ওয়েস্ট ইন্ডিজ আমাদের নিচে, এটা মাথায় থাকবে। এটি আমাদের ক্রিকেটারদের অনেক সহায়তা করবে, আত্মবিশ্বাস জোগাবে। সেখানে দ্রুত মানিয়ে নেওয়া যাবে।’

ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের যথেষ্ট আনন্দদায়ী স্মৃতি আছে। ২০০৪ সালে সেন্ট লুসিয়া টেস্ট ড্র, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের অভিজ্ঞতা যদিও ২০১৪ সালের সবশেষ সফরে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। স্বর্ণযুগ পেছনে ফেলে আসা ওয়েস্ট ইন্ডিজের কাছে উল্টো ধবলধোলাইয়ের শিকার বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসটা কাজে লাগাতে তাই ভালো প্রস্তুতির বিকল্প দেখছেন না রুবেল, ‘ওয়েস্ট ইন্ডিজে আগেও খেলেছি। সেখানে বোলারদের জন্য মোটামুটি সহায়তা থাকে। ওখানে বাংলাদেশ গেলে তারা চাইবে পেস সহায়ক উইকেট করতে। তাদের পেস বোলিং মোটামুটি শক্তিশালীই থাকে। পেসারদের মধ্যে আমরা যারা সুযোগ পাই, ওখানকার কন্ডিশন, উইকেট অনুযায়ী ভালো বোলিং করতে হবে। প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ। ওখানে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলব। প্রস্তুতি ম্যাচে যারা সুযোগ পাবে, আশা করি তারা সুযোগটা কাজে লাগাতে পারবে।’