বাংলাদেশ এমন করবে জানতেন বয়কট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় বাংলাদেশকে টেস্ট খেলতে দেখেই অবাক হতেন জিওফ বয়কট। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বাংলাদেশকে নিয়ে তাচ্ছিল৵ও কম করেননি। সেই দিন গেছে। এখন ইংল্যান্ডকে টেস্টেও হারিয়ে দেয় বাংলাদেশ। তাই বদলেছে বাংলাদেশকে নিয়ে বয়কটের দৃষ্টিভঙ্গিও।

বাংলাদেশ যে মিরপুর টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে দিল, তাতে মোটেও অবাক হননি বয়কট। তাঁর মতে, এমনটাই তো হওয়ার কথা। ওয়ানডে সাফল্যের ধারাবাহিকতাই বাংলাদেশকে টেস্ট জয়ের সাহস জুগিয়েছে বলে মনে করেন সপরিবারে ভারত সফরে আসা বয়কট, ‘ইংল্যান্ডের ওই টেস্টটা হারা উচিত হয়নি। তবে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের রেকর্ডকে বিবেচনা নিয়ে বলতেই হয়, ওদের ক্রিকেট এগোচ্ছে আর একদিন না একদিন এমনটা (বড় দলকে হারানো) হতোই।’

বয়কট মুগ্ধ আর বিস্মিত বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে নিয়েও। সিরিজে ১৯ উইকেট পাওয়া এই তরুণের উত্থানকে ক্রিকেটের জন্য দারুণ একটা ব্যাপার বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক ওপেনার, ‘মেহেদীর মধ্যে বাংলাদেশ দারুণ একজন উইকেটশিকারি পেয়ে গেছে। সে যদি এভাবে আমাদের বিস্মিত করতেই থাকে, সেটা ক্রিকেটের জন্যই দারুণ হবে। তার মতো তরুণ প্রতিভাই দরকার আমাদের।’

বাংলাদেশের স্পিন সামলাতেই হিমশিম খেয়েছে ইংল্যান্ড। ভারত সফরে তাই রবিচন্দ্রন অশ্বিন কিংবা রবীন্দ্র জাদেজারা ইংলিশ ব্যাটসম্যানদের নিয়ে খেলবেন—এমনটাই ধারণা। তবে বয়কট বিষয়টা দেখছেন অন্য চোখে। বাংলাদেশের অভিজ্ঞতা ইংল্যান্ডকে ভারতের মাটিতে ভালো খেলতে সাহায্য করবে বলেই মনে করেন বয়কট, ‘বাংলাদেশে যথেষ্ট সময় কাটিয়েছে ইংল্যান্ড। সুতরাং ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা তাদের জন্য কঠিন হবে না।’

তবে সিরিজে ভারতকেই এগিয়ে রাখতে চান তিনি, ‘ভারত ঘরের মাঠে খেলছে। সবাই জানে এখানে কারা ফেবারিট। ইংল্যান্ডের কাছে হারতে হলে ভারতকে খুবই বাজে খেলতে হবে।’ সূত্র: মিড-ডে।