বাংলাদেশ কি সিনিয়র-নির্ভরশীল এক দল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম-সাকিবরা পারলে বাংলাদেশ পারে, না পারলে দলও পারে না। ছবি: এএফপি
তামিম-সাকিবরা পারলে বাংলাদেশ পারে, না পারলে দলও পারে না। ছবি: এএফপি
২০১৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ৭৮ ম্যাচের ২৪টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ১৮টিতেই ম্যাচসেরা হয়েছেন তামিম, সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক ও মাশরাফি। ৭৫ শতাংশ ম্যাচসেরাই দলের অগ্রজেরা। তামিম-সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহর মিলিত রান ৯৮৪৫; ৫৪ শতাংশ রান তারকা চতুষ্টয়ের। বোলিংয়ে সাকিবের ওপরে কেউ নেই। ৬৯ ম্যাচে ১১২ উইকেট অলরাউন্ডারের


দলের অধিনায়ক, পদাধিকার বলে খেলোয়াড়দের মধ্যে শুধু মাশরাফি বিন মুর্তজাই বিজনেস ক্লাসে সিট পেয়েছেন। কিন্তু মাশরাফি কি আর বিজনেস ক্লাসে আরামে ভ্রমণ করার মানুষ! গায়ানা থেকে বিমানটা আকাশে উড়তেই অধিনায়ক চলে এলেন পেছনে, সতীর্থদের কাছে। মুহূর্তেই বিমানটা যেন তাঁর মিরপুরের বাড়ির ছাদ, শুরু হলো আড্ডা!

আড্ডায় যোগ দিতে সিট ছেড়ে উঠে এলেন তামিম ইকবালও। অদূরে বসা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ অবশ্য অন্য সতীর্থদের সঙ্গে তখন হাসি-ঠাট্টায় মশগুল। পরিবার নিয়ে সাকিব আল হাসান বসেছেন একটু পেছনে। মাশরাফি সিনিয়র চার খেলোয়াড়ের দিকে একবার চোখ বুলিয়ে নিলেন, ‘চারজন সিনিয়র খেলোয়াড় ধারাবাহিক ভালো খেলে যাচ্ছে, এখন ক্রিকেটে আর কোন দলে এটা আছে বলেন তো?’

মাশরাফি ভুল বলেননি। ২০১৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ৭৮ ম্যাচের ২৪ টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ১৮ টিতেই ম্যাচসেরা হয়েছেন তামিম (সাতবার), সাকিব (ছয়বার), মাহমুদউল্লাহ (দুবার), মুশফিক (দুবার) ও মাশরাফি (একবার)। ৭৫ শতাংশ ম্যাচসেরাই দলের অগ্রজ খেলোয়াড়েরা। জেতা ম্যাচে যে আটটি সেঞ্চুরি হয়েছে এর পাঁচটিই তামিমের। দুটি করেছেন সাকিব, বাকিটা মাহমুদউল্লাহ। এ সময়ে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা ১৭৯৮৯ রান করেছেন। এর মধ্যে তামিম-সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহর মিলিত রান ৯৮৪৫; ৫৪ শতাংশ রান এসেছে তারকা চতুষ্টয়ের কাছ থেকে। বোলিংয়ে তরুণদের কিছু পারফরম্যান্স দেখা গেলেও সাকিবের ওপরে কেউ যেতে পারেননি। ৬৯ ম্যাচে ১১২ উইকেট নিয়ে বাঁহাতি অলরাউন্ডার সবার ওপরে।

এই রেকর্ড-পরিসংখ্যানটা জানা আছে মাশরাফির, ‘গত দুইটা বছর দেখেন, এরা ভালো খেললেই আমরা জিতছি। এরা ভালো না খেললেই রেজাল্ট ভালো হচ্ছে না। এই চার সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে যে সার্ভিসটা পাওয়া যায়, সেটা অবিশ্বাস্য!’

গত দুই বছর কেন, এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের কথা যদি বলা হয়, ঘুরেফিরে চার সিনিয়র খেলোয়াড়ই ভালো খেলছেন। প্রত্যেকের ১২-১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। শুধু অভিজ্ঞতাকে পুঁজি করে নয়, সিনিয়র খেলোয়াড়েরা ভালো করছেন আত্মনিবেদন আর পরিশ্রমের কারণে। তামিমের কথাই ধরুন, ২০১৫ বিশ্বকাপের পর আশ্চর্য রূপান্তর ঘটেছে বাঁহাতি ওপেনারের ব্যাটিংয়ে। কখন ধীরে খেলতে হয়, কখন চালাতে হয়, কখন কোন বোলারকে কীভাবে সামলাতে হয়-সব ভালো জানেন।

তামিম কীভাবে নিজেকে বদলেছেন, সেটিই সেন্ট কিটসে আসার পথে বলছিলেন মাশরাফি, ‘নিজের খেলাটা নিয়ে সে যে পরিশ্রম করে, ভাবে…তামিমের সবচেয়ে বড় শক্তির জায়গা নিজেকে সে ভালোভাবে চেনে। যে নিজেকে সবচেয়ে ভালোভাবে চিনতে পারে, সে সাফল্য পাবেই। আপনি যদি খুব ভালো লেখক হন, দ্রুত বুঝে যাবেন লেখায় কী কী উপাদান থাকলে লেখাটা পরিপূর্ণ হবে। তামিমও জানে কীভাবে খেললে তার ইনিংসটা ভালো হবে। আগে ওর দুর্বলতা ছিল লেগ সাইডে। লেগ স্টাম্পে বল এলেই তামিম আটকে যেত। এটা নিয়ে সে দীর্ঘদিন কাজ করেছে। এখন তামিম যদি ৫০ রান করে এর প্রায় ৫০-৬০ শতাংশ আসে লেগ সাইড থেকে। এই যে পরিশ্রম আর সেটার ফলে যে উন্নতি, এখান থেকে শেখা উচিত জুনিয়রদের।’

তামিম-সাকিবরা ধারাবাহিক, এ কথার সঙ্গে গত দুই ম্যাচে দুজনের আউটের ধরন নিয়েও কথা উঠল। সাকিব প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি ফেলে এসেছেন মাত্র ৩ রানের জন্য। দ্বিতীয় ওয়ানডেতে থিতু হয়ে ওভাবে উইকেট দিয়ে আসার যৌক্তিকতা কী? দীর্ঘ সময় উইকেটে কাটিয়ে তামিমই বা কী করলেন? ঠান্ডা মাথাটা হঠাৎ গরম হয়ে গেল, দেবেন্দ্র বিশুকে উইকেট থেকে বেরিয়ে তেড়েফুঁড়ে মারতে গিয়ে স্টাম্পড। মাশরাফি মনে করেন এভাবে আউট হওয়ার একটাই কারণ-ক্লান্তি। এই একটা জায়গায় (ফিটনেস) আরও কাজ করার আছে দুই সিনিয়র খেলোয়াড়ের।

তবু সাকিব-তামিম অধিনায়কের বড় আস্থার জায়গা। একটি-দুটি ম্যাচ ব্যর্থ হলেও তাঁরা পুষিয়ে দিতে পারেন। কিন্তু জুনিয়ররা যে দিনের পর দিন নিষ্প্রভ! বিষয়টা আসলে ভাবিয়ে তুলেছে মাশরাফিকেও, ‘২০১৫ সালে আমরা কেন ধারাবাহিক সফল হয়েছি? শুধু সিনিয়ররা ভালো খেলেনি, জুনিয়ররাও একই সঙ্গে ভালো খেলেছে। মোস্তাফিজ-সৌম্যরা অসাধারণ খেলেছে। কিন্তু পরে জুনিয়ররা ধারাবাহিক ভালো করতে পারেনি।’

তরুণদের রং হারিয়ে ফেলার কারণটাও মাশরাফির অজানা নয়। তবু তাঁদের ওপর থেকে আস্থা হারাতে চান না অধিনায়ক। তাঁদের সাহস দেন, উজ্জীবিত করার চেষ্টা করেন। এই সিরিজ ছাড়িয়ে মাশরাফির দৃষ্টি চলে গেছে ২০১৯ বিশ্বকাপে। ২০১৫ বিশ্বকাপে সিনিয়রদের সঙ্গে তরুণেরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন বলেই দল সাফল্য পেয়েছিল। আগামী বিশ্বকাপে যে কী হবে, দলটাই এখনো গুছিয়ে নিতে পারেননি অধিনায়ক। জুনিয়রদের নিয়ে তাঁর কপালে যখন চিন্তার ভাঁজ, হঠাৎ দুই সারি পেছনে বসা এনামুল হকের দিকে চোখ পড়ল মাশরাফির। ‘কী টাইগার!’ -অধিনায়কের সম্বোধনকে তরুণ ওপেনার নিশ্চয়ই অনুপ্রেরণা হিসেবে নেবেন।