বাংলাদেশ কী করতে পারে, ভেবে সতর্ক অস্ট্রেলিয়া
টানা তিন ম্যাচ জিতে ইংল্যান্ড দল বেশ নিরাপদই আছে। এউইন মরগানের দলটা নিজেদের জন্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার পথ অনেকটাই পরিষ্কার করে রেখেছে। গ্রুপ ১ থেকে দ্বিতীয় দল হিসেবে কে সেমিফাইনালের টিকিট পাবে, সেটিই এখন আলোচনার বিষয়।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়েছে। দুই দলেরই ভাগ্য নির্ভর করবে শেষ দুই ম্যাচের ফলাফলের ওপর।
অস্ট্রেলিয়ার শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকাকে তাদের শেষ দুই ম্যাচে খেলতে হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে। দুই দলের সেমিফাইনাল–ভাগ্য যে অনেকাংশেই বাংলাদেশ দলের ম্যাচে নির্ভর করছে, সেটি আর আলাদা করে উল্লেখ করার দরকার নেই।
বাংলাদেশ ম্যাচের দিকে তাই সব মনোযোগ নিয়ে তাকিয়ে অস্ট্রেলিয়া দল। তাদের অধিনায়ক অ্যারন ফিঞ্চ বাংলাদেশকে ‘ভালো দলের’ সনদ দিচ্ছেন। আর লেগ স্পিনার অ্যাডাম জাম্পা বলছেন, বাংলাদেশ কী করতে পারে, সেটি ভেবে সতর্কই থাকছে অস্ট্রেলিয়া।
কাল ইংল্যান্ডের বিপক্ষে হারের পর অস্ট্রেলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলছিলেন, ‘বাকি ম্যাচগুলো আমাদের অবশ্যই জিততে হবে। ইংল্যান্ডের হার আমাদের নেট রান রেটে বাজে প্রভাব ফেলেছে। এখন আমাদের বাকি ম্যাচগুলো জিততেই হবে। বাংলাদেশ খুবই ভালো দল। ওয়েস্ট ইন্ডিজও তা-ই। ওদের দলে অনেক আগ্রাসী ক্রিকেটার আছে। দলটা অভিজ্ঞও। এখন থেকে সব ম্যাচই আমাদের জন্য বাঁচা–মরার লড়াই।’
আমরা জানি, বাংলাদেশ দল কী করতে পারে, সেটা ভেবেই আমরা সতর্ক থাকছি
কদিন আগেই বাংলাদেশ সফরে এসে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া দল। কন্ডিশন ও পরিস্থিতি ভিন্ন হলেও বাংলাদেশ দলের বিপক্ষে অস্ট্রেলীয়দের যথেষ্ট পরিশ্রম করতে হবে, সেটি ভালোই জানা ফিঞ্চের।
তিনি বলেছেন, ‘ছেলেরা ইংল্যান্ডের ম্যাচের পর দুদিন বিশ্রাম পাচ্ছে। আমরা আবার সতেজ হয়ে মাঠে ফিরতে চাই। তার আগে কয়েক দিন অনুশীলন করব। আমরা আগের ম্যাচের হারের বোঝা পরের ম্যাচে বয়ে নিতে চাই না। কারণ, আমাদের সামনে সম্পূর্ণ ভিন্ন ধরনের দুই প্রতিপক্ষ অপেক্ষা করছে।’
অস্ট্রেলিয়া দলের লেগ স্পিনার অ্যাডাম জাম্পাও তাকিয়ে আছেন বাংলাদেশ ম্যাচের দিকে। ইংল্যান্ড ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা জানি, বাংলাদেশ দল কী করতে পারে, সেটা ভেবেই আমরা সতর্ক থাকছি।’ বাংলাদেশ সফরে এসে টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর বাংলাদেশ দলকে নাকি তিনি ভালোই চিনেছেন।
ঘরের মাঠের কন্ডিশনে ভালো করা বাংলাদেশ দলের অবশ্য দেশের বাইরে খুব বেশি সাফল্য নেই। জাম্পা যেন সেটিই বাংলাদেশ দলের ক্রিকেটারদের মনে করিয়ে দিতে চাইলেন, ‘ঢাকাতে যেসব উইকেটে খেলেছি, সেগুলো আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের দেখা সবচেয়ে বাজে উইকেটগুলোর তালিকায় থাকবে।’