বাংলাদেশ কেমন জানেন এলিয়ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের দুটি ‘বাংলাওয়াশেরই’ প্রত্যক্ষ সাক্ষী তিনি। বাংলাদেশের মাটিতে বাংলাদেশ দল কতটা ভয়ংকর হতে পারে, সেটা তাই ভালো করেই জানা আছে গ্রান্ট এলিয়টের। আর সে কারণেই বাংলাদেশের কাছে দক্ষিণ আফ্রিকার নাস্তানাবুদ হওয়াটাকে আনছেন না ধর্তব্যের মধ্যে। বাংলাদেশে ওয়ানডে সিরিজ হেরে গেলেও ডারবানে টি-টোয়েন্টি দিয়ে আজ শুরু সিরিজে প্রোটিয়াদের শক্ত প্রতিপক্ষের মর্যাদাই দিচ্ছেন এই কিউই ব্যাটসম্যান।
‘বাংলাদেশের কন্ডিশনে গিয়ে খেলা কতটা কঠিন, আমি জানি। বাংলাদেশে গিয়ে দলটা কী করেছে, সেটা মানদণ্ড হওয়া উচিত নয়। সেখানকার কন্ডিশন আসলেই খুব কঠিন’—দুই টি-টোয়েন্টি আর তিন ওয়ানডের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হালকাভাবে না নেওয়ারই সতর্কবার্তা দিলেন এলিয়ট। বাংলাদেশে এসে বাংলাদেশের সঙ্গে পেরে ওঠাটা যে সব দলের জন্যই এখন কঠিন, নিজের অভিজ্ঞতা থেকে জানালেন সেটাও, ‘নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুবই লড়াকু দল। ওখানে গিয়ে আমরা কোনো ম্যাচই জিততে পারিনি। ওখানকার উইকেট টার্নিং, মন্থর। কাজেই মানিয়ে নিতে অনেক সময় লেগেছিল।’ ক্রিকইনফো।