সেই স্মৃতি মনে থাকলে মন্দ কী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের চেয়ে অনেক ভালো খেলছে বাংলাদেশ। ছবি: এএফপি
দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের চেয়ে অনেক ভালো খেলছে বাংলাদেশ। ছবি: এএফপি

বাংলাদেশে ক্রিকেট এমনই এক জাদুতে পরিণত হয়েছে, যে জাদুতে জাদুকরের টুপির ভেতর থেকে শুধু লাল গোলাপ আর সাদা কবুতর বের হওয়ার আনন্দময় মুহূর্তই দেখতে চায় সবাই। জাদুর বাক্স যে কখনো কখনো আস্ত মানুষ গায়েব করে দেওয়ার ধাক্কাও দেয়, সেটি সবাই ভুলতে বসেছে।
পচেফস্ট্রুম টেস্টের প্রথম তিন দিনের খেলা দেখে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত অধিকাংশ বাংলাদেশির মন খুব খারাপ। কারণ, তাঁরা ‘ক্রিকেট জাদু’ থেকে এখনো ‘লাল গোলাপ’, ‘সাদা কবুতর’ বের হতে দেখেননি। উল্টো গত এক দেড়-বছরে টেলিভিশনে যে বাংলাদেশ দলকে দেখে অভ্যস্ত হয়ে পড়েছিলেন, সেটি জাদুর বাক্স থেকে বেমালুম গায়েব! দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে প্রায় ৫০০ রান করেছে। এলগার, মার্করাম, আমলাদের ব্যাটিং দেখার পর বাংলাদেশের ৩২০ রানের ইনিংসকে তাঁদের মনে হচ্ছে ছন্নছাড়া।
এ সমস্যা শুধু দক্ষিণ আফ্রিকাপ্রবাসী বাংলাদেশিদের নয়, সমস্যাটা ক্রিকেট অনুসারী বেশির ভাগ বাংলাদেশির এবং তার প্রমাণ পচেফস্ট্রুম টেস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকা কটাক্ষগুলো। আসলে প্রত্যাশার পারদ ওপরে উঠতে উঠতে এতটাই চড়ে গেছে যে বাস্তবতার সঙ্গে সাধারণের ক্রিকেট চিন্তায় বিস্তর ব্যবধান তৈরি হয়েছে। ক্রিকেটে ভালো বা খারাপ খেলার সঙ্গে ব্যাট-বল ছাড়া আরও অনেক উপকরণ এবং মানদণ্ডের যোগসূত্র থাকে। সেগুলো ভুলে গেলে চলবে কেন?
দক্ষিণ আফ্রিকায় এ নিয়ে তৃতীয়বার টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ দল। আগের দুই সিরিজের সঙ্গে তুলনা করলে চোখ বন্ধ করে বলে দেওয়া যায়—এখানকার কন্ডিশনে খেলা চারটি টেস্টের তুলনায় এবারের পচেফস্ট্রুম টেস্টে অনেক ভালো খেলছে বাংলাদেশ দল। এখন এই পারফরম্যান্সকে যদি কেউ দেশের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ দুটি সিরিজ বা শ্রীলঙ্কাকে হারানো শততম টেস্টের পারফরম্যান্সের সঙ্গে তুলনা করেন, তাহলে বলার কিছু থাকে না।
ক্রিকেট একই সঙ্গে ব্যাট, বল, পরিবেশ, মন এবং মস্তিষ্কের খেলা। ব্যাট-বলে ভালো করতে হলে বাকি তিনটিও অনুকূলে থাকতে হয়। বিদেশের মাটিতে এই তিনটির আনুকূল্য পেতে বড় দলগুলোও সমস্যায় পড়ে। তা না হলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বাংলাদেশে গিয়ে হারে কেন?
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে এসেছিল ২০০৮ সালে। স্মৃতির পাল্টা উল্টে একটু দেখুন তো কি হয়েছিল সেবার? ব্লুমফন্টেইনের প্রথম টেস্টে স্বাগতিকদের ৪৪১ রানের জবাবে দুই ইনিংসে বাংলাদেশের রান ছিল ১৫৩ ও ১৫৯। সেঞ্চুরিয়ানের পরের টেস্টে দুই ইনিংসে ২৫০ আর ১৩১ রান করেও সেটি দক্ষিণ আফ্রিকার ৪২৯ রানের সমান হয়নি।
২০০২ সালের অক্টোবরে এখানে খেলা বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজের চিত্রও ছিল করুণ। ইস্ট লন্ডনে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার এক ইনিংসে করা ৫২৯ রানের পাহাড় দুই ইনিংস জোড়া দিয়েও পেরিয়ে পারেনি বাংলাদেশ (১৭০ ও ২৫২) দল। ইনিংস হার মানতে হয়েছিল পচেফস্ট্রুমের দ্বিতীয় টেস্টেও। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ করেছিল ৩২২। দক্ষিণ আফ্রিকা শুধু প্রথম ইনিংসেই ৫ উইকেট হারিয়ে করে ৫৮২।
বাংলাদেশ দলের এবারের পারফরম্যান্সকে এখনই তাহলে খারাপ বলবেন কীভাবে? দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন শর ওপরে রান তো এবারই প্রথম করল তারা! সেটি কি দেশের মাটিতে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখা নয়? ফলাফলের জন্য অপেক্ষা না করেও বলে দেওয়া যায়, পচেফস্ট্রুমে উন্নতির রেখ চিত্রটা মুশফিকুর রহিমের দল ওপরের দিকেই রাখতে পেরেছে। হ্যাঁ, মুমিনুল হক আর মাহমুদউল্লাহর সম্ভাবনাময় ইনিংস দুটি তিন অঙ্কের দেখা পেলে আরও ভালো হতো। ভালো হতো যদি বোলিংয়ে যদি আরেকটু তেজ থাকত। কিন্তু এটুকু পার্থক্য তো থাকতেই পারে। নইলে দক্ষিণ আফ্রিকা কেন টেস্টের এক নম্বর দল আর বাংলাদেশ থাকবে নয়ে!
টেস্টে ফলাফলটা যদি হয় শেষ দৃশ্য, এর আগেও কিন্তু অনেক ছোট-বড় দৃশ্যের অবতারণা ঘটে। ছোট-বড় জয়-পরাজয় হয়। সেগুলোর কোনোটা প্রতিপক্ষের সঙ্গে, কোনোটা আবার নিজেদের সঙ্গেও। মুমিনুল আর মাহমুদউল্লাহ মাথার ওপর কি অনন্ত চাপ নিয়ে এখানে খেলতে এসেছে, সেটা তো সবাই জানেন। মুমিনুলের সময় এতটাই খারাপ যাচ্ছিল যে মাঝে একপর্যায়ে ক্লাবের কাছে ঘরোয়া ক্রিকেটের পাওনা টাকা চাইতেও অস্বস্তিতে ভুগেছেন। এমনিতেই দলে জায়গা হয় না। এসব নিয়ে কথা বলে না আবার নতুন বিপদে পড়েন! নানা কারণে মাহমুদউল্লাহকেও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নতুন করে চেনার চেষ্টা করতে হয়েছে। এসব প্রেক্ষাপটে রাখলে পচেফস্ট্রুমে তাদের প্রথম ইনিংসের ব্যাটিং কি একধরনের জয় নয়? মুমিনুল, মাহমুদউল্লাহর সেই জয়ই প্রথম ইনিংসে বাংলাদেশকে এনে দিয়েছে ৩২০ রান।
বোলিংয়ে বাংলাদেশ দলের সবচেয়ে বড় অস্ত্র সাকিব আল হাসান টেস্ট খেলছেন না। দলে থাকা নিয়মিত বোলারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ শফিউল ইসলামই এর আগে খলেছেন মাত্র ১০টি টেস্ট। এমন অনভিজ্ঞ বোলিং আক্রমণের সুবিধা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা কেন নেবেন না?
দক্ষিণ আফ্রিকায় আগের চার টেস্টেই বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে। এবার সে সম্ভাবনা নেই, অবস্থার এটাও একটা ইতিবাচক পরিবর্তন। দেশের মাটিতে একসময় বাংলাদেশ টেস্ট ভালো খেলত না, এখন খেলে। বিদেশেও সে ধারা সূচিত হওয়ার লক্ষণগুলো আস্তে আস্তে ফুটে উঠছে। কাজেই হতাশার বিউগল বাজানোর কিছু নেই। আর পচেফস্ট্রুম টেস্ট তো এখনো শেষ হয়ে যায়নি।