বাংলাদেশ খেলে 'ভয়ে ভয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনের বাঘেই খাচ্ছে বাংলাদেশকে, বললেন সাকিব। ছবি: প্রথম আলো
মনের বাঘেই খাচ্ছে বাংলাদেশকে, বললেন সাকিব। ছবি: প্রথম আলো
>আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জিততে চায় বাংলাদেশ—চার দিন আগেও এমন কথা শোনা গেছে। কিন্তু ফল হতে যাচ্ছে উল্টোটা। কিন্তু ফল কেন এমন হতে যাচ্ছে? সাকিবের মতে, বাংলাদেশ খুব বেশি ভয় নিয়ে খেলে, সে কারণেই সমস্যা হচ্ছে।

এই টেস্টের ফল কী হতে যাচ্ছে? সাকিব আল হাসান বাস্তববাদী মানুষ। মিথ্যে আশা দিয়ে কী হবে, বাংলাদেশ টেস্ট অধিনায়ক কোনো ভণিতা না করে তাই বলে ফেলেন, ‘হারের খুব কাছাকাছি। বৃষ্টি আর স্বয়ং আল্লাহ যদি আমাদের (অপরাজিত) দুজনকে দিয়ে না খেলান তাহলে হারার সম্ভাবনা খুবই বেশি।’

শেষ দিনে নির্ধারিত ৯৮ ওভারে আফগানিস্তানের দুর্দান্ত স্পিনার সামলে ২৬২ রানের বিশাল লক্ষ্য পেরোতে গেলে অলৌকিক কিছুই করতে হবে। ম্যাচের ফল কী হতে যাচ্ছে সেটি চতুর্থ দিনে এসে বোঝা যাচ্ছে, তা নয়। ম্যাচের প্রথম দিন থেকেই টুং টাং শব্দে সংকেত পেতে পেতে সেটিই এখন ঢোলের মতো উচ্চশব্দে জানাতে শুরু করেছে—বাংলাদেশ চট্টগ্রাম টেস্ট হারতে যাচ্ছে। চার দিনের কোনোটিতে কি বাংলাদেশ হাসিমুখে শেষ করতে পেরেছে? জয়-পরাজয় পরে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তো একটা দিনও সমানে সমানে লড়াই করতে পারেনি। যে সাকিব আত্মবিশ্বাসের সঙ্গে টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনে বলছিলেন, এই ম্যাচ ভালোভাবে জিততে চান। তাঁরা এখন দিব্যি দেখতে পারছেন, কাল তাঁরা হারতে যাচ্ছেন। সমস্যাটা তাহলে কোথায়—খেলোয়াড়দের মনস্তত্ত্বে না দক্ষতায়? সাকিব বলছেন, সমস্যা দুটিতেই—

সমস্যা স্কিলে
‘যেহেতু রিস্ট স্পিনার খেলি না। বাঁ হাতি কিংবা ডান হাতি দুটোই আমাদের জন্য নতুন। স্বাভাবিকভাবেই আমাদের মানিয়ে নেওয়ার ব্যাপার থাকবে। যদিও আমরা পরিকল্পনা করেছি বা প্রস্তুতি নিয়েছি। যারা নেটে বোলার আছে এ রকম, ওদের এনে অনুশীলন করেছি। যতক্ষণ না আপনি ম্যাচ খেলছেন বা সফল হচ্ছেন, ততক্ষণ ওই অনুশীলন খুব একটা কাজে আসবে না। যখন খেলার পরে ম্যাচে সফল হবেন তখন ওটা কাজে আসবে। আমি বলব না কারও ভাবনায় সমস্যা ছিল। আমি বলব কাজে লাগাতে পারেনি।’

সমস্যা মনে
‘কাজে লাগাতে না পারার কারণ হচ্ছে, যখন আপনি ভয়ে ভয়ে মারতে যাবেন তখন সমস্যা হবে।’
লিটন যখন টি-টোয়েন্টিতে খেলে তখন শুধু রিভার্স সুইপ কেন, যত শটই খেলে ওর লেগে যায়। কিন্তু টেস্ট ম্যাচে সে এটা করতে পারেনি। এটা ওরও ব্যর্থতা, আমাদের দলের জন্যও ব্যর্থতা যে আমরা করতে পারছি না। কোচও এই কথাই বলেছে যে আমরা যেন মন খুলে খেলি। আমার কাছে মনে হয়েছে আমরা অনেক ভয় নিয়ে খেলি, অনেক চাপ নিয়ে খেলি। আসলে দিন শেষে এটা ক্রিকেট ম্যাচ, অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কিন্তু এটাই পৃথিবীর সবকিছুই না। অনেক সময় এত বেশি চাপ নিয়ে ফেলি নিজেদের ভালো খেলা কঠিন হয়। যখন করতে পারি না তখন চাপটা আরও বেশি পড়ে।’

সাকিব বলতে চাইছেন, আফগানিস্তানের বিপক্ষে মনের বাঘেই খেয়েছে বাংলাদেশকে। আফগানদের বিপক্ষে খারাপ খেললে সর্বনাশ—এ ভয়ে পারফরম্যান্স আরও খারাপ হয়েছে। প্রশ্ন হচ্ছে, ১৯ বছর টেস্ট খেলেও মনের বাঘ সামলানোর উপায় বের করতে পারবে না বাংলাদেশ?