বাংলাদেশ ছেড়ে গেলেন বিভব
মিরপুর বেনারসিপল্লি থেকে শাড়ি কিনে এনেছেন মাশরাফি বিন মুর্তজা। রবিউল-রুবেলদের হাতেও শাড়ির প্যাকেট। আরও অনেকের হাতেই টুকটাক উপহার, ফুল। বিসিবি দিয়েছে ক্রেস্ট। স্ত্রীর জন্য পাওয়া একগাদা শাড়ি, আরও উপহার ও অনেকের ভালোবাসা নিয়ে গতকাল রাতে বাংলাদেশ ছেড়েছেন বিভব সিং।
২০১১ সালের জুলাইয়ে যোগ দিয়েছিলেন বাংলাদেশ দলের ফিজিও হিসেবে। এরপর বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট পর্যায়ে বেশ কবার বদল হলেও রেখে দেওয়া হয়েছিল বিভবকে। গত বছর মেয়াদ শেষ হওয়ার পর তিন সিনিয়র ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বলেছিলেন মেয়াদ বাড়াতে। বাড়ানো হয়েছিলও। কিন্তু পারিবারিক সমস্যার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে পদত্যাগপত্র জমা দেন এই দক্ষিণ আফ্রিকান।
ক্রিকেটারদের অনেক কাছের মানুষ ছিলেন বিভব। সবচেয়ে বেশি ব্যস্ত থাকতে হয়েছে যাঁকে নিয়ে, সেই মাশরাফি বিভবের বিদায়ে ছিলেন আপ্লুত, ‘ও আমার কাছে ছিল ভাই, বন্ধুর মতো। অনেক সাহায্য করেছে আমাকে, আত্মবিশ্বাস জুগিয়েছে। আমার চোখের দিকে তাকিয়ে মুহূর্তেই বুঝে ফেলত কী সমস্যা। শুধু আমি নই, আরও অনেকেই ওকে মিস করবে। আমাকে ও বাংলাদেশের ক্রিকেটেকে যা দিয়েছে, এ জন্য ওকে ধন্যবাদ।’