বাংলাদেশ জিতবে, বলেছিলেন ডমিঙ্গো

বাংলাদেশের জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন ডমিঙ্গোছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল চট্টগ্রামে বিশ্ব রেকর্ড গড়েই আফগানিস্তানের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২১৫ রান তাড়া করে বাংলাদেশ দল জিতেছে ৭ বল হাতে রেখেই। রীতিমতো অবিশ্বাস্য এক জয়। মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ১৭৪ রানের জুটিটি রীতিমতো হতবাক করে দিয়েছে সবাইকে। ৬ উইকেট হারানোর পর বাংলাদেশ যে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে পাল্টা আক্রমণে যাবে, সেটি বোধ হয় ভাবেননি কেউই।

বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো হয়তো অতি ইতিবাচক মানসিকতারই একজন। গতকাল তিনি নাকি বাংলাদেশের অষ্টম ব্যাটসম্যান হিসেবে মিরাজকে ব্যাটিংয়ে নামতে দেখেই আফিফের সঙ্গে দেড় শ রানের জুটির ভবিষ্যদ্বাণী করেছিলেন। আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সপ্তম উইকেটে ১৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন আফিফ-মিরাজ
ছবি: শামসুল হক

ডমিঙ্গো বলছিলেন, ‘এখন বললে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু মিরাজ যখন ব্যাট করতে যায়, তখন আমি শ্রিকে (শ্রীনিবাস চন্দ্রশেখরন, বাংলাদেশ দলের অ্যানালিস্ট) বলছিলাম যে ওরা দুজন ১৫০ রানের জুটি গড়বে। এরপর তাসকিন-শরীফুলের সামনে ১৫ রান থাকবে।’

প্রধান কোচের এমন আস্থার কারণ মিরাজের সাম্প্রতিক ব্যাটিং পারফরম্যান্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই মিরাজ পেয়েছিলেন টেস্টে প্রথম শতক। নিউজিল্যান্ডের মাটিতেও টেস্টে ভালো ব্যাটিং করেছেন, রান পেয়েছেন বিপিএলেও। সে কারণেই মিরাজের ব্যাটিংয়ে কোচের এত আস্থা, ‘এখন মিরাজের ব্যাটিংয়ের ওপর অনেক আস্থা আছে। তার টেস্ট শতক আছে। নিউজিল্যান্ড সফর এবং বিপিএলেও ভালো ব্যাট করেছে। এটা বিশ্বাস করা কঠিন, তবে তখনো আমার বিশ্বাস ছিল যে জিততে পারব। কারণ, উইকেট ভালো ছিল, রানরেটও আমাদের নাগালের মধ্যেই ছিল।’

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ব্যাটিং কোচ জেমি সিডন্স
ছবি: প্রথম আলো

ম্যাচে বাংলাদেশ ইনিংসের ৩০ ওভার শেষে হুট করেই ফ্লাডলাইট বিভ্রাটের কারণে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল খেলা। তখনো জয় থেকে ৮৬ রান দূরে ছিল বাংলাদেশ। অপ্রত্যাশিত বিরতিতে ব্যাটিং–ছন্দ হারানোর ভয় ছিল ডমিঙ্গোর। তবে আফিফ ও মিরাজের পরিণত ব্যাটিংয়ে সে দুশ্চিন্তা দূর হয়েছে, ‘সত্যি বলতে ফ্লাডলাইটের বিরতির কারণে আমি একটু দুশ্চিন্তায় পড়েছিলাম। কারণ, সেই বিরতির আগের দুই-তিন ওভার ভালো যাচ্ছিল। আবার খেলা শুরু হওয়ার পর আফিফ খানিকটা ছন্দও হারিয়েছিল। তবে এরপর দারুণ পরিণত ব্যাটিং করে সে উতরে গেছে।’

তবে আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের টপ অর্ডারের কাছে ভালো কিছুর প্রত্যাশা ডমিঙ্গোর। প্রথম ম্যাচের ভুল থেকে বেরিয়ে আসবে তামিম-সাকিবরা, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান কোচ, ‘ওরা ভালো করবে। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা যথেষ্ট মানসম্মত। ছেলেরা সবাই টি-টোয়েন্টি খেলে এসেছে। ওরা নিজেরাই আগের দিনের পারফরম্যান্সে হতাশ হয়েছে। আশা করি, ওরা আগামীকাল ভালো করবে।’