বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই রকম ম্যাচ
*আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অগুরুত্বপূর্ণ।
*বোনাস পয়েন্টসহ ফাইনাল নিশ্চিত করে ফেলেছে মাশরাফির দল।
*আজ কোনো চাওয়া-পাওয়ার চাপ মাথায় নেই বাংলাদেশের।

অনুশীলন শেষ হয়ে গেছে সাড়ে ১২টার আগে। খামোখা দেড়টা পর্যন্ত মাঠে বসে থাকা কেন! ম্যানেজার লাভমোর বান্ডার সঙ্গে জিম্বাবুয়ে দলের প্রতিনিধি পিটার মুর তাই এক ঘণ্টা আগেই চলে এলেন সংবাদ সম্মেলনকক্ষে। খবর শুনে এদিক-সেদিক ছড়িয়ে-ছিটিয়ে থাকা সাংবাদিকেরা তড়িঘড়ি করে সেখানে হাজির। দেরিতে খবর পাওয়ায় অনেকে ঢুকলেন সংবাদ সম্মেলনের মাঝপথে।
কালকের এই একখণ্ড চিত্রেই ফুটে উঠছে জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচটি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে কতটা অগুরুত্বপূর্ণ। বোনাস পয়েন্ট সমৃদ্ধ হয়ে প্রথম দুই ম্যাচেই ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলেছে মাশরাফি বিন মুর্তজার দল। জিম্বাবুয়ের বিপক্ষে আজকের ম্যাচ নিয়ে তাই অন্তত বাহ্যত কোনো উত্তেজনা নেই। গোটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই একটা ঢিলেঢালা ভাব। সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে মুরের আনুষ্ঠানিক কথাবার্তার চেয়েও সাংবাদিকদের বেশি টানল বাংলাদেশ দলের ডাগআউটে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আড্ডা, ইনডোর থেকে অনুশীলনফেরত খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময়।
তাই বলে এটা ভাববেন না যে বাংলাদেশ দলের মধ্যেও ঢিলেঢালা ভাব চলে এসেছে। ইনডোরের দীর্ঘ অনুশীলন, তামিম ইকবালের সংবাদ সম্মেলন, আজকের ম্যাচের একাদশ নিয়ে পরিকল্পনা-কোথাও ফুটে ওঠেনি সেই ছাপ। দীর্ঘ সংবাদ সম্মেলনে তামিমের কাছ থেকেও জানা গেল একই কথা, ‘আমি কারও মধ্যেই দেখছি না যে আয়েশি ভাবটা চলে এসেছে। দুটি ম্যাচ জিতে গেছি, হারলে কিছু হবে না, এই জিনিসটা দেখছি না। প্রতিটি আন্তর্জাতিক ম্যাচেই একজন খেলোয়াড়ের লক্ষ্য থাকে সেঞ্চুরি করার বা ৫ উইকেট নেওয়ার। এই দলটাকে দেখলেই আমার মনে হয় সবাই সে রকম কিছু করতে চায়।’
ত্রিদেশীয় সিরিজ হলেও খেলা শুরুর আগে মনে হচ্ছিল সিরিজটা বোধ হয় বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়বে। জিম্বাবুয়ের উপস্থিতি কেবলই তৃতীয় দলের আনুষ্ঠানিকতা রক্ষার জন্য। হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের নিকট অতীত ভালো, কিন্তু এবার তো খেলা উপমহাদেশে! কিন্তু চার ম্যাচ পর দেখা যাচ্ছে নামে ভারী শ্রীলঙ্কারই সবচেয়ে করুণ অবস্থা। যে জিম্বাবুয়ের প্রতি মানুষের আস্থা কম ছিল, শ্রীলঙ্কার চেয়ে তারাই বরং কিছুটা ভালো ক্রিকেট খেলেছে। সবচেয়ে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ। সেটা এতটাই যে, যে ম্যাচ সচরাচর তাদের খেলার সুযোগ হয় না, শেরেবাংলা স্টেডিয়ামে আজ সে রকমই এক ম্যাচ খেলতে নামবে দলটা। কী সেই ম্যাচ? কোনো চাওয়া-পাওয়ার চাপ মাথায় না রেখে শুধুই খেলার জন্য খেলার ম্যাচ।
এই ধারণাটাও অবশ্য বাইরে থেকেই করা। কোনো দলই তো আর হারার জন্য খেলে না। যাদের আগের ম্যাচেই হারানো গেছে দোর্দণ্ড প্রতাপে, তাদের বিপক্ষে তো না-ই। বরং ফাইনালের আগে জয়ের ধারা ধরে রাখাটাই লক্ষ্য থাকে সবার। তামিমের ভাষায়, ‘ফাইনালে উঠে গেলেও এই ম্যাচগুলো সমান গুরুত্বপূর্ণ। এই দুই ম্যাচে আমাদের অর্জনের অনেক কিছুই আছে।’ সে জন্য আজ কোনো পরীক্ষা-নিরীক্ষায়ও যাচ্ছে না বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে একাদশে না থাকা খেলোয়াড়দের চাইলেই এ ম্যাচে সুযোগ দেওয়া যেত। কিন্তু সেটি না করে খেলানো হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়া দলটাকেই। সব ঠিক থাকলে শ্রীলঙ্কার ম্যাচের দল থেকে পেসার সাইফউদ্দিনকে বাদ দিয়ে একাদশে আনা হবে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামকে।
বাংলাদেশের জন্য এটি বাড়তি কিছু পাওয়ার ম্যাচ হলেও জিম্বাবুয়ের জন্য অস্তিত্ব ধরে রাখার লড়াই। তাদের সবকিছুতেই তাই খুব ‘সিরিয়াস’ ভাব। একাডেমি মাঠে অনুশীলনের পর পিটার মুর এসে বলে গেলেন, ‘আমরা একটি লক্ষ্য নিয়ে এখানে এসেছি, শুধু অংশগ্রহণের জন্য নয়।’ পরে আবার বলেছেন, শক্তির জায়গাগুলো কাজে লাগাতে পারলে বাংলাদেশের বিপক্ষে আজ তাদের জেতা অসম্ভব হবে না। ব্রেন্ডন টেলর, কাইল জার্ভিসরা ফিরে আসার পর আসলেই অন্য চেহারায় দেখা যাচ্ছে জিম্বাবুয়ে দলটাকে। টিম ম্যানেজমেন্টে হিথ স্ট্রিক, টাটেন্ডা টাইবুরা আসার পর অনুশীলনেও কারও উৎসাহের কমতি নেই। ১২ জানুয়ারি ঢাকায় এসে গত ১০ দিনে মাত্র এক দিন বিশ্রাম নিয়েছে দলটা। তাতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটাও এত দিনে হয়ে যাওয়ার কথা ভালোভাবে।
অক্লান্ত পরিশ্রমের ফল কি আজ পাবে জিম্বাবুয়ে? নাকি ফাইনালের আগে আত্মবিশ্বাসটা আরও উঁচুতে নিয়ে যাবে বাংলাদেশ!