বাংলাদেশ তাঁকে বারলোর কথা মনে করিয়ে দেয়
এডি বারলোর কথা মনে পড়লেই তাঁর মনে পড়ে বাংলাদেশের কথা। আর বাংলাদেশের খেলা দেখলেই মনে পড়ে যায় বারলোর কথা। কী দূরদৃষ্টিসম্পন্ন ক্রিকেটারই না ছিলেন বারলো!
কিথ গিবস, গত ৩০ ডিসেম্বর ৮৮ বছরে পা দেওয়া অরেঞ্জ ফ্রি স্টেট ও ট্রান্সভালের এই সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটারকে কাল পাওয়া গেল কিংসমিডের প্রেসিডেন্ট বক্সে। বাংলাদেশের দুই সাংবাদিকের সঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস ও নির্বাচক হাবিবুল বাশারের আড্ডায় নিজ থেকেই যোগ দিলেন বারলোর প্রসঙ্গ তুলে, ‘বাংলাদেশের খেলা দেখলেই আমার বারলোর কথা মনে পড়ে। আগে থেকে অনেক কিছু বুঝতে পারত ও। আমাকে বলেছিল, এই দলটার দিকে দৃষ্টি রেখো। একদিন অনেক ভালো ক্রিকেট খেলবে ওরা।’
ওর কথাটাই সত্যি হয়েছে। বাংলাদেশের ক্রিকেট আসলেই অনেক দূর এগিয়ে গেছে
বাংলাদেশ দলের সাবেক দক্ষিণ আফ্রিকান কোচ বারলোর কথা যে আজ সত্যি, সেটি তো এবারের দক্ষিণ আফ্রিকা সফরেও দেখা গেছে। দক্ষিণ আফ্রিকায় প্রথম ওয়ানডে সিরিজ জয়ের পর ডারবান টেস্টেও প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলেছেন বাংলাদেশের পেসাররা, যেটি বারলোর কারণেই বাংলাদেশের খেলা দেখতে আসা সাবেক ফাস্ট বোলারকে মনে করিয়ে দিচ্ছে সাবেক সতীর্থের কথা, ‘ওর কথাটাই সত্যি হয়েছে। বাংলাদেশের ক্রিকেট আসলেই অনেক দূর এগিয়ে গেছে।’
বাংলাদেশের ক্রিকেট নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল টেস্ট মর্যাদা পাওয়ার পরপরই দলটার দায়িত্ব নেওয়া বারলোর। তাঁর হাত ধরেই বাংলাদেশের ক্রিকেটে নতুন দিনের সূচনা। দুর্ভাগ্য, অসুস্থ হয়ে পড়ায় সেই বটবৃক্ষের ছায়া বেশি দিন পায়নি বাংলাদেশের ক্রিকেট। ২০০৫ সালের ৩০ ডিসেম্বর মাত্র ৬৫ বছর বয়সে চিরবিদায় নেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৩০টি টেস্ট খেলা ট্রান্সভালের সাবেক ক্রিকেটার বারলো। তাঁর ইংল্যান্ডপ্রবাসী স্ত্রী কেলি বারলো আজও বাংলাদেশের ক্রিকেটের একজন সুহৃদ। বাংলাদেশের ক্রিকেটের ভালো-মন্দে তাঁর প্রতিক্রিয়া দেখা যায় ফেসবুকেও।
বাংলাদেশের মানুষ পেয়ে কাল সেই বারলোকেই বারবার মনে করছিলেন কিথ গিবস। অনুজ এই ক্রিকেটারের দূরদৃষ্টিটাই বেশি ভালো লাগত ৩২টি প্রথম শ্রেণির ম্যাচে ১০১টি উইকেট নেওয়া কিথের, ‘ওর ষষ্ঠ ইন্দ্রিয় দারুণ কাজ করত। একবারের কথা, বোলিং প্রান্তে প্রতিপক্ষ দলের সবচেয়ে জোরে বল করা বোলার। বারলো ব্যাটিং করছিল। ও শুধু চশমাটা খুলে একবার মুছল। এরপর বলতে গেলে না দেখেই ব্যাট চালাল, বল চলে গেল বাউন্ডারির বাইরে। ওর মতো সব আগে বুঝতে পারা ক্রিকেটার আমি আর দেখিনি।’
বারলোকে নিয়ে এ রকম আরও অনেক স্মৃতিচারণাতেই কাল ডুব দিয়েছিলেন কিথ গিবস, যার শেষে তাঁকে রাখতে হয়েছে ছবি তোলার আবদারও। কিথের মুখে তখনো বারলোর কথা, ‘এই যে তোমরা আমার ছবি তুলছ, সেটাও আমি বারলোর সঙ্গে খেলেছিলাম বলেই। অসাধারণ একজন ক্রিকেটার ছিল ও।’