বাংলাদেশ থেকে 'টিসি' নিয়ে মালদ্বীপ গেল শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দর্শক! দেখে কারও ভ্রমই হওয়ার কথা, ফাইনালে হয়তো বাংলাদেশের কোনো দলই খেলছে! অন্তত টুর্নামেন্টের খোঁজখবর যাঁরা এত দিন রাখতে পারেননি, তাঁদের এমন মনে হওয়াটা অস্বাভাবিকও নয়। 

কিন্তু ভ্রমটা কেটে যাবে, যখন শুনবেন, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে আজ এত যে দর্শক হলো, তাঁদের বেশির ভাগকেই মাঠে টেনে এনেছে আসলে র‍্যাফেল ড্র। অবশ্য তাঁদেরই বা দোষ কী! বাংলাদেশের তিন দল তো তেমন কিছু করতেই পারল না। ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান বিদায় নিয়েছে গ্রুপপর্বে, আর গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী এবার ‘দর্শক’ বনে গেছে সেমিফাইনালেই। ফাইনালে তাই বিদেশি দুই দল—দক্ষিণ কোরিয়ার পোচন সিটিজেন এফসি ও মালদ্বীপের টিসি স্পোর্টস।
তা দেশের দল না থাক, দর্শক যাঁরা এলেন, তাঁরা উত্তেজনায় ঠাসা এক ফাইনালই দেখলেন। দুই দলের গোছানো ফুটবল, চার গোল, ৯০ মিনিট শেষে ২-২ সমতা। শেষ পর্যন্ত টাইব্রেকারে পোচনকে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে নিয়ে গেল টিসি। দ্বিতীয় আসরে এসে অন্তত এক বছরের জন্য যেন ‘ট্রান্সফার সার্টিফিকেট’ (টিসি) নিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের শিরোপা গেল বাংলাদেশের বাইরে।
ম্যাচে প্রথমে এগিয়ে যায় টিসি স্পোর্টসই। কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন মালদ্বীপের দলটির হানিফ আবদুল্লাহ। তবে কর্নারের বিনিময়ে কর্নার দিয়েই সেটির শোধ দিল পোচন। আসলে বলা উচিত, টিসি নিজেরাই নিজেদের পায়ে (পড়ুন মাথায়) কুড়াল মারল। প্রথমার্ধ শেষের ঠিক আগের মিনিটে কর্নার থেকেই হেড করেন দক্ষিণ কোরিয়ান দলটির জ্যাং ইয়ং ইক। কিন্তু সেটি টিসির এক খেলোয়াড়ের মাথায় লেগে জালে ঢোকে, তাই সেটিকে ঘোষণা করা হয় আত্মঘাতী।
দ্বিতীয়ার্ধেও চলল গোল দেওয়া-খাওয়ার পালা। এবার শুরু করল পোচন, এবারও উৎসে কর্নারই। ৫৩ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে দেন জি কিউং ডিউক। এই গোলটি ধরে রেখেই শিরোপা নিয়ে দক্ষিণ কোরিয়ায় ফেরার স্বপ্নও হয়তো দেখছিল, কিন্তু সেটি ভেস্তে গেল নির্ধারিত সময়ের মিনিট সাতেক আগে। টিসিকে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান আজম মোহাম্মদ।
নির্ধারিত সময়ে আর গোল তো পেলই না, অতিরিক্ত ৩০ মিনিটেও অনেক চেষ্টা করেও জালে বল ঢুকাতে পারল না কোনো দল। টাইব্রেকারে শুরুতেই নাটক, পোচনের শট ঠেকিয়ে দেন টিসি গোলকিপার। এরপর পোচনের চতুর্থ শটে আবারও নায়ক টিসি গোলকিপার। টিসি স্পোর্টসের চতুর্থ শটে গোল হতেই তাই তাঁকে ঘিরে শুরু হলো বাকি খেলোয়াড়দের উদ্‌যাপন।
উদ্‌যাপন হয়তো এখন হচ্ছে মালদ্বীপেও।