বাংলাদেশ দলে গৃহবিবাদ
টিম ম্যানেজমেন্টের কাজ হলো দল সামলানো। কিন্তু যদি উল্টো দলকেই সামলাতে হয় টিম ম্যানেজমেন্ট! বিস্ময়কর হলেও সত্যি, কোচ-ম্যানেজারের দ্বন্দ্বের কারণে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলে এখন সেটাই হচ্ছে।
বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সম্পর্কটা এমনিতে খারাপ ছিল না বোর্ড পরিচালক খালেদ মাহমুদের। কিন্তু অস্ট্রেলিয়া যাওয়ার দুই-তিন দিন পর থেকেই দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে। দ্বন্দ্বটা মূলত ম্যানেজার হিসেবে মাহমুদের কার্যপরিধি নিয়ে। বিসিবির যে সভায় তাঁকে বিশ্বকাপ দলের ম্যানেজার করার সিদ্ধান্ত হয়, সে সভায় এও সিদ্ধান্ত হয়েছিল যে, মাহমুদ দলের ক্রিকেটীয় ব্যাপারগুলোয় মতামত দিতে পারবেন। কিন্তু জানা গেছে, কোচ সে সুযোগ মাহমুদকে খুব একটা দিচ্ছেন না। ক্রিকেটীয় কোনো ব্যাপারে মাহমুদ কথা বললে সেটিকে নাকি ভালোভাবে নিচ্ছেন না হাথুরুসিংহে। এমনকি ম্যানেজার থাকতে পারছেন না অনেক টিম মিটিংয়েও!
কেন কোচের এই মনোভাব, সেটা জানতে হাথুরুসিংহের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মুঠোফোনে মাহমুদকে পাওয়া গেলেও তিনি খুব বেশি কিছু বলতে রাজি হননি। তবে যেটুকু বললেন, অসন্তুষ্টি তাতেই স্পষ্ট, ‘বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছিল, আমি সব বিষয়ে মতামত দিতে পারব। কিন্তু বোর্ড সম্ভবত এই বার্তাটা কোচকে দেয়নি। সে রকম কিছু হলে এটা বোর্ডের ব্যর্থতা। এর বেশি কিছু বলতে চাই না।’
বিসিবির একটি সূত্রে মাহমুদের বক্তব্যের পক্ষে সমর্থন পাওয়া গেছে। বোর্ড সভায় সিদ্ধান্তটা ও রকম হলেও বিসিবির শীর্ষ পর্যায় থেকে নাকি কোচকেই বিশ্বকাপ দলের সর্বময় ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। যার পার্শ্বপ্রতিক্রিয়া মাহমুদকে যেমন সহ্য করতে হচ্ছে, সবকিছু চূড়ান্ত হয়ে যাওয়ার পরও বিশ্বকাপে যাওয়া হচ্ছে না প্রধান নির্বাচক ফারুক আহমেদেরও। ফারুকের উপস্থিতি কোচের স্বাধীনতায় ব্যাঘাত ঘটাতে পারে, এমন ‘আশঙ্কা’ থেকেই নাকি শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে তাঁর ভিসার কাগজপত্র ফেরত এনেছে বোর্ড।
বিসিবি অবশ্য বলছে, প্রধান নির্বাচককে বিশ্বকাপে পাঠানো হচ্ছে না খরচ বাঁচাতে। কিন্তু বিশ্বকাপে যাওয়ার আগে গণভবনে বাংলাদেশ দলকে শুভকামনা জানানো অনুষ্ঠানে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্দেশনা দিয়েছেন, বিশ্বকাপে দলের জন্য ভালো হয়, এমন সবকিছুই করতে হবে। এ ক্ষেত্রে অর্থ যেন বাধা না হয়। যে কারণে শুরুতে দলের সঙ্গে মিডিয়া ম্যানেজার পাঠানোর কথা না থাকলেও কাল রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। তাহলে প্রধান নির্বাচকের যেতে বাধা কোথায়? হয়তো হাথুরুসিংহের অবাধ স্বাধীনতায় কোনো বিঘ্ন না ঘটাতেই!
ব্রিসবেনে হাথুরুসিংহে কাল পর্যন্ত অবাধ স্বাধীনতাই পেয়ে আসছেন বলে খবর। আর তাতে মাহমুদ এতটাই বিরক্ত যে, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসান কেন বল করলেন না, টেলিফোনে সেই উত্তরটাও সোজাভাবে দিলেন না, ‘আমি জানি না, সাকিব কেন বল করেনি। এটা সাকিব আর কোচই ভালো বলতে পারবেন। তাদের এ ব্যাপারে আমি কিছু জিজ্ঞেস করিনি।’
কেন জিজ্ঞেস করেননি, সে প্রশ্নে মাহমুদের নীরবতাই বলে দিচ্ছিল বিশ্বকাপ শুরুর আগেই অশান্তির বাতাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশ দলের মধ্যে। কোচ-ম্যানেজারের প্রকাশ্য মনোমালিন্যে অস্বস্তিতে আছেন ক্রিকেটাররাও। কাল মুঠোফোনে তাদেরই একজন বলছিলেন, ‘খেলতে এসে যদি এসব দেখতে হয়, তাহলে কীভাবে হবে, বলেন? দলে অনেক তরুণ ক্রিকেটার আছে, তারাই বা কী শিখছে? বোর্ডের উচিত, দ্রুত বিষয়টার সমাধান করা।’